উপজেলা সম্মেলন নিয়ে আত্রাই বিএনপির দুই পক্ষে সংঘর্ষ
নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে গত সোমবার দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে দুজন আহত হন। পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দলীয় সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলা বিএনপির একাংশের নেতা ও উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম উদ্দিনের নেতৃত্বে ২০ জানুয়ারি উপজেলা সম্মেলন হয় এবং নতুন কমিটি ঘোষণা করা হয়। ওই সম্মেলনকে অবৈধ আখ্যা দিয়ে অন্য পক্ষের নেতা এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম সোমবার উপজেলার আহসানগঞ্জ হাইস্কুল মাঠে সম্মেলন আহ্বান করেন। সম্মেলন শুরুর পর দুই পক্ষের মধ্যে লাঠি, রড ও পাথর দিয়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে উপজেলার মালিপুকুর গ্রামের জসিম উদ্দিন (৭০) ও দমদত্তবাড়িয়া গ্রামের আকবর আলী সরদার (৬৫) আহত হন। সম্মেলন শেষে শেখ রেজাউল ইসলামকে সভাপতি, এমদাদুল হককে সাধারণ সম্পাদক এবং একরামুল বারী রঞ্জুকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যের আত্রাই উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এর আগে ২০ জানুয়ারির সম্মেলনে তসলিম উদ্দিনকে সভাপতি, আবুল হোসেনকে সাধারণ সম্পাদক এবং আবদুল মান্নানকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করে উপজেলা বিএনপির অন্য অংশ।আত্রাই উপজেলা বিএনপির একাংশের নেতা শেখ রেজাউল ইসলাম বলেন, ‘আমরা জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৈধভাবে সম্মেলন করেছি। ওরা সন্ত্রাসী ছেলে-পেলে, ওরা বিএনপিকে ভাঙতে চায়, ধ্বংস করতে চায়।’ অন্য অংশের নেতা তসলিম উদ্দিন বলেন, ‘ওরা অবৈধভাবে সম্মেলন করছে। আমি উপজেলা বিএনপির আহ্বায়ক। আমাকে বাদ দিয়ে কীভাবে তারা সম্মেলন করে? আমাদের কমিটিকে বিএনপির মহাসচিব অনুমোদন দিয়েছেন। আর অবৈধ সম্মেলনের বিরুদ্ধে ছেলেরা একটু প্রতিবাদ করতেই পারে।’ এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলন করেছে তসলিম পক্ষ।