উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি জেনারেটরই বিকল হয়ে খাঁচাবন্দী অবস্থায় পড়ে আছে। ফলে লোডশেডিং ও বিদ্যুৎ-বিভ্রাটে বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসক ও রোগীদের। স্বাস্থ্য কমপ্লেক্সের তিনটি ওয়ার্ডে দুটি ভাঙা হারিকেনই এখন ভরসা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায, একটি জেনারেটর ১২-১৩ বছর ধরে বিকল। আজ অবধি সেটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। ২০১২ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। বাড়তি ১৯টি শয্যার জন্য একটি ছোট জেনারেটর দেওয়া হয়। কিন্তু চালু করার আগেই সেটিও বিকল হয়ে যায়। সেই থেকে কমপ্লেক্সের দুটি জেনারেটরই খাঁচাবন্দী।
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান হিসাব সহকারী আবদুস সাত্তার বলেন, বড় জেনারেটরটি দীর্ঘদিন ধরে বিকল। নতুন ওয়ার্ডের জন্য বরাদ্দ ছোট জেনারেটরের জন্য জ্বালানি বরাদ্দ না পাওয়ায় চালু করা যায়নি। পড়ে থেকে সেটিও অকেজো। বর্তমানে হাসপাতালে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা নেই।
স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তর্বিভাগে চিকিৎসাধীন এক ব্যক্তি বলেন, বিদ্যুৎ চলে গেলে তাঁদের অন্ধকারে থাকতে হয়। মাঝেমধ্যে ভাঙা একটি হারিকেন জুটলেও তেলের অভাবে সেটিও দ্রুত নিভে যায়। এ সময় নিজেদের মুঠোফোনের টর্চের আলোতেই কাজ সারতে হয়।
গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে গিয়ে দেখা যায়, লোডশেডিং চলছে। এ অবস্থায় অন্তর্বিভাগের দুটি নারী ও একটি পুরুষ ওয়ার্ডে কয়েকজন রোগী ও তাঁদের অভিভাবকেরা মুঠোফোনের আলো জ্বালিয়ে বসে আছেন। তবে অধিকাংশ শয্যার রোগীরা অন্ধকারে রয়েছেন।
পুরুষ ও নারী ওয়ার্ডের সাত-আটজন রোগী বলেন, বিদ্যুৎ চলে গেলে তাঁদের আতঙ্কের মধ্যে থাকতে হয়। গত শুক্রবারই থেমে থেমে চার দফা লোডশেডিং হয়েছে।
নারী ওয়ার্ডের রোগী জেসমিন আরা ও রফেলা বেগম বলেন, প্রায়ই লোডশেডিং হয়। জানালেও কোনো লাভ হয় না। মুঠোফোনে আলোর চাহিদা কিছুটা মেটানো গেলেও গরমে অতিষ্ঠ হতে হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন সেবিকা ও তিনজন চিকিৎসক বলেন, জেনারেটর বা বিকল্প ব্যবস্থা না থাকায় বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়। মাঝেমধ্যে অস্ত্রোপচার কক্ষে (ওটি) কাজ করার সময়ই বিদ্যুৎ চলে যায়। তখন চার্জার লাইট আর মুঠোফোনের আলো দিয়ে কোনো রকমে কাজ সারতে হয়।
বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ারুল কবীর বলেন, জেনারেটর নষ্ট থাকায় খুব সমস্যা হয়। হাসপাতালে দুটি হারিকেন রয়েছে। তা দিয়ে সব ওয়ার্ডের চাহিদা মেটানো সম্ভব নয়। নষ্ট আরও দুটি হারিকেন মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে।