উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাটে হরিপাড়া উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী রফিকুল ইসলামকে (৪৫) হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ঘোড়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. দবিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. দুলাল বলেন, সোমবার দিবাগত রাতে উপজেলার রানীগঞ্জ বাজারের পশ্চিম পাশ থেকে দবিরুলকে গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার রাতে পুলিশ পালশা ইউনিয়নের আমড়া গ্রামের মাছ ব্যবসায়ী ওসমান আলীর ছেলে মামুনকে গ্রেপ্তার করে।
দবিরুল ও মামুনকে পুলিশ গতকাল মঙ্গলবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে। আমলি আদালত-৭-এর বিচারক নাজমুল হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার রাতে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কলাবাড়ী-হরিপাড়ার মাঝখানে ঘোড়াঘাট-দিনাজপুর সড়কে একটি পুলিশ বক্সের কাছে দুর্বৃত্তরা রফিকুলকে হত্যা করে তাঁর মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই মো. রোস্তম আলী অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে ঘোড়াঘাট থানায় মামলা করেন।
এসআই মো. দুলাল জানান, দবিরুলের বিরুদ্ধে সড়কে মোটরসাইকেল ছিনতাইয়ের একাধিক অভিযোগও রয়েছে।