উপজেলা হাসপাতালে চিকিত্সক অনুপস্থিতির হার ৮৩ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে ৮৩ শতাংশ চিকিত্সক উপস্থিত থাকেন না। অনুপস্থিত এসব চিকিত্সকের একটি বড় অংশ উপজেলা হাসপাতালের পাশেই ব্যক্তিগত চেম্বারে নিয়মিত রোগী দেখেন। একশ্রেণীর দালাল সরকারি হাসপাতাল থেকে ওই সব রোগী চেম্বারে নিয়ে যায়। বেসরকারি প্রতিষ্ঠান উবিনীগের (উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ওই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।প্রতিবেদনে বলা হয়, উপজেলা পর্যায়ের ৩১ শয্যার হাসপাতালে নয়জন এবং ৫০ শয্যার হাসপাতালে ২০ জন চিকিত্সকের পদ রয়েছে। এর মধ্যে চারটি পদ বিশেষজ্ঞ চিকিত্সকের (গাইনি, সার্জারি, ইএনটি ও মেডিসিন)। ৫১টি উপজেলার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, হাসপাতালগুলোতে মাত্র ১৭ শতাংশ চিকিত্সক উপস্থিত থাকেন।অনুষ্ঠানে উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার বলেন, সাম্প্রতিককালে ভুল চিকিত্সার প্রবণতা ব্যাপকভাবে বেড়ে গেছে। ভুল চিকিত্সার কারণে রোগীর মৃত্যুর খবর প্রকাশিত হলেও দায়ী ব্যক্তিরা শাস্তি পেয়েছেন—এমন তথ্য পাওয়া যায় না।উবিনীগ গত মে, জুন ও জুলাই মাসে সাতটি বাংলা জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে ওই প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে ৫১টি উপজেলা হাসপাতালের এবং ২৫টি এলাকার ৩৫টি ভুল চিকিত্সার তথ্য ব্যবহার করা হয়েছে।সরকারের স্বাস্থ্য খাতের পরামর্শক এ এম জাকির হোসেন অনুষ্ঠানে বলেন, স্বাস্থ্য খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা একটি বড় সমস্যা। সঠিক ব্যবস্থাপনা হলে স্বাস্থ্য খাতের সম্পদ দিয়ে বর্তমানের তুলনায় ৩০ শতাংশ সেবা বাড়ানো সম্ভব। তিনি বলেন, চিকিত্সকদের উদাসীনতা ও অদক্ষতার পাশাপাশি ওষুধের অনিয়মিত সরবরাহ ও নিম্নমান ওষুধ রোগীর ভোগান্তির কারণ। শিশুরোগ বিশেষজ্ঞ মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, চিকিত্সকদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি তাঁদের আরও মানবিক করে তোলার ব্যবস্থা নেওয়া দরকার। তিনি স্বাস্থ্য খাতে আর্থিক বরাদ্দ বাড়ানোরও দাবি জানান। মতবিনিময় সভায় একাধিক অংশগ্রহণকারী বলেন, অনেক সীমাবদ্ধতার পরও মানুষ এখনো সরকারি হাসপাতালে তুলনামূলকভাবে ভালো সেবা পায়। বেসরকারি ক্লিনিকগুলোতে জোর নজরদারিরও দাবি জানান একাধিক ব্যক্তি। উবিনীগের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ৫১টির মধ্যে ৩৪টি উপজেলা হাসপাতালে চিকিত্সাযন্ত্র ও অ্যাম্বুলেন্স অকেজো, এমন তথ্য পাওয়া গেছে। বেশ কয়েকটি হাসপাতালে এক্স-রে যন্ত্র থাকলেও তা নষ্ট। কয়েকটি হাসপাতালে এক্স-রে যন্ত্র ঠিক থাকলেও ফিল্ম পাওয়া যায় না। অনেক হাসপাতালে বছরের পর বছর ধরে জেনারেটর নষ্ট হয়ে পড়ে আছে। তাই প্রয়োজনের সময় হ্যাজাক লাইট বা মোমবাতি জ্বালিয়ে অস্ত্রোপচার করা হয়। তিন মাসে ভুল চিকিত্সায় ছয়জনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। একই সময় ভুল ওষুধের কারণে ১৪টি ও চিকিত্সকের অবহেলায় ১৩টি ঘটনা ঘটেছে। এ ছাড়া চিকিত্সা নিতে এলেও কোনো চিকিত্সা দেওয়া হয়নি—এমন ঘটনা ঘটেছে দুটি ক্ষেত্রে।