উপজেলাকে ঘিরে দলের কর্তৃত্ব নিতে চান এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদের নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির (জাপা) ৭২টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢাকায় ডেকেছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। উদ্দেশ্য, এই নির্বাচনকে ঘিরে দলের কর্তৃত্ব আবার নিজের কাছে নেওয়া।
কিন্তু এরশাদের নির্দেশে দশম সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করা নেতাদের সঙ্গে তিনি আনুষ্ঠানিক সভা করার আগেই জেলা নেতাদের ঢাকায় ডাকায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ৫ জানুয়ারির নির্বাচনের পর তাঁর কিছু পদক্ষেপে নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
আগামীকাল রোববার জাপার বনানীর কার্যালয়ে জেলার নেতাদের সঙ্গে এরশাদের সভা হওয়ার কথা থাকলেও গতকাল শুক্রবার তা স্থগিত করা হয়। এ সম্পর্কে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার গত রাতে বলেন, ওই দিন বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত থাকায় এবং সোমবার জামায়াতে ইসলামী হরতাল ডাকায় এই সভা স্থগিত করা হয়েছে। তিনি বলেন, জেলার নেতাদের উপস্থিতিতে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ঠিক করতে তাঁদের ডাকা হয়।
জাপার সূত্র জানায়, সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও বর্জনের ঘোষণা দিয়ে নাটকীয়তার কারণে এরশাদ দলে একচ্ছত্র নিয়ন্ত্রণ হারিয়েছেন। দলের কর্তৃত্বের অনেকটা চলে গেছে স্ত্রী রওশন এরশাদের হাতে। রওশন সংসদে বিরোধীদলীয় নেতা হয়েছেন। দলের ৩৪ জন সাংসদের অধিকাংশই রওশনপন্থী বলে পরিচিত। তাই হারানো কর্তৃত্ব পুনরুদ্ধারের জন্য এরশাদ উপজেলা নির্বাচনকে গুরুত্ব দিচ্ছেন।
প্রথম ধাপে ১৯ ফেব্রুয়ারি ৯৭টি ও ২৪ ফেব্রুয়ারি একটি উপজেলা পরিষদের নির্বাচন হবে। ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ১১৭টি উপজেলায় নির্বাচন হবে। প্রথম ধাপের নির্বাচনে জাপার উল্লেখযোগ্যসংখ্যক নেতা প্রার্থী হয়েছেন। এর মধ্যে যেসব উপজেলায় সম্ভাবনাময় প্রার্থী আছেন, তাঁদের জয় নির্বিঘ্ন করতে সেসব উপজেলায় জাপার একক প্রার্থী দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জাপার সূত্র জানায়।
এরশাদের ঘনিষ্ঠ ও জাপার দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন, এরশাদ জেলা পর্যায়ের নেতাদের উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরামর্শ দিয়েছেন। তাঁর নির্দেশ মেনে সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করায় যাঁরা সাংসদ হওয়ার সুযোগ হারিয়েছেন—এমন নেতাদের অনেকের সঙ্গে কথা বলে তিনি তাঁদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে উৎসাহ জোগাচ্ছেন। উপজেলা নির্বাচনের মাধ্যমে দলের মাঠপর্যায়ে এরশাদ নিয়ন্ত্রণ ধরে রাখার পাশাপাশি নেতা-কর্মীদের উজ্জীবিত করতে চাইছেন। তিনি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন। সময়স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি।
সূত্র জানায়, নির্বাচন বর্জন করার পরও সাংসদ হিসেবে এরশাদের শপথ গ্রহণ, ভাই জি এম কাদেরকে সাংসদ বানিয়ে আনার তৎপরতা, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হওয়া, এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই দফায় কৃতজ্ঞতা জানানোসহ নির্বাচনোত্তর কিছু সাংগঠনিক পদক্ষেপে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দলীয় চেয়ারম্যানের নির্দেশ মেনে সংসদ নির্বাচন বর্জনকারী নেতারা আশায় ছিলেন, তিনি তাঁদের ডেকে অন্তত সান্ত্বনা দেবেন। সিএমএইচে তাঁর এক মাসের ‘আটকাবস্থায়’ দলের শীর্ষস্থানীয় নেতাদের ভূমিকা সম্পর্কে জানবেন এবং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দলের করণীয় ঠিক করে পথনির্দেশনা দেবেন। কিন্তু এখনো সে ধরনের উদ্যোগ নেওয়া হয়নি।
জাপার একাধিক দায়িত্বশীল নেতা জানান, এরশাদের নির্দেশ অমান্য করে নির্বাচনে থেকে যাঁরা সাংসদ হয়েছেন, এমনকি মনোনয়নপত্র বাতিল হওয়ার পর তা ফিরে পেতে উচ্চ আদালতেও গেছেন, তাঁরা চেয়ারম্যানের কাছে গুরুত্ব পাচ্ছেন দেখে ত্যাগী ও অনুগত নেতা-কর্মীরা হতাশায় পড়েছেন। এসব কারণে ইতিমধ্যে জাপার সভাপতিমণ্ডলীর গুরুত্বপূর্ণ সদস্য আহসান হাবিব লিংকন দল ছেড়ে কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে গেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জাপার সভাপতিমণ্ডলীর একজন সদস্য প্রথম আলোকে বলেন, জেলার নেতাদের ঢাকায় ডাকার আগে নির্বাচন বর্জনকারী নেতাদের সঙ্গে কথা বললে ভালো হতো। এতে দলের চেয়ারম্যান এবং দল উপকৃত হতো।