উপজেলাবাসী বলেছেন রাষ্ট্রীয় অপচয়, প্রস্তাব বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচিতে বিজিবির বলীপাড়া ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরত্বে আরেকটি নতুন ব্যাটালিয়ন স্থাপনের প্রস্তাব করা হয়েছে। বিজিবির এ প্রস্তাবে থানচি উপজেলা ভূমি অধিকার সংরক্ষণ কমিটি তীব্র প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে।গতকাল মঙ্গলবার ভূমি অধিকার সংরক্ষণ কমিটি এক বিবৃতিতে বলেছে, একই উপজেলায় এত কম দূরত্বে নতুন ব্যাটালিয়ন স্থাপন একদিকে রাষ্ট্রীয় লক্ষ্য-উদ্দেশ্য ব্যাহত ও বিজিবির প্রাতিষ্ঠানিক সক্ষমতার অপচয় হবে, অপরদিকে আদিবাসীদের মালিকানা ও ভোগদখলীয় জমি দখল করে তাদের উচ্ছেদের ষড়যন্ত্রের শামিল হবে। থানচির স্থানীয় লোকজন জানিয়েছেন, সম্প্রতি বিজিবি কর্মকর্তারা থানচি উপজেলা সদরের সেতুসংলগ্ন এলাকায় অধিগ্রহণের জন্য ভূমি জরিপ করেছিলেন। তাঁরা হেডম্যান (মৌজাপ্রধান), কার্বারি (পাড়াপ্রধান), চেয়ারম্যানসহ স্থানীয় কাউকে কিছু না জানিয়ে একটি নতুন ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের জন্য ৫০ একর জমি অধিগ্রহণের জন্য প্রস্তাব পাঠিয়েছে।থানচির সাবেক ইউপি চেয়ারম্যান মংথোয়াইম্যা রনি বলেন, তাঁরা গোপন সূত্রে ব্যাটালিয়ন স্থাপন ও ভূমি অধিগ্রহণের বিষয়টি জানার পর প্রতিবাদ জানিয়েছেন। থানচি উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো বলেন, বিজিবি যে জায়গাটি দখলের জন্য প্রস্তাব দিয়েছে সেটি উপজেলা শহর সম্প্রসারণের মূল কেন্দ্র। ওই জায়গা বিজিবি নিলে মানুষের থাকার কোনো জায়গা থাকবে না।ভূমি অধিকার সংরক্ষণ কমিটির সদস্যসচিব ও থানচি সদর ইউপি চেয়ারম্যান মংছার ম্রো বলেন, বলীপাড়ায় একটি ব্যাটালিয়ন থাকতে থানচিতে নতুন কোনো ব্যাটালিয়নের প্রয়োজন নেই। এ জন্য তাঁরা ব্যাটালিয়ন স্থাপনের উদ্যোগ ও ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়ে আসছেন।থানচি ভূমি অধিগ্রহণ সংরক্ষণ কমিটির আহ্বায়ক হ্লাফসু মারমা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, বলীপাড়া ব্যাটালিয়নের পরিচালিত বিজিবির ক্যাম্প, সীমান্ত চৌকি (বর্ডার আউটপোস্ট) দিয়ে থানচির সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা রক্ষা করা সম্ভব। সেই জন্য আদিবাসীদের উচ্ছেদ করে কোনোমতেই আরেকটি নতুন ব্যাটালিয়ন করা যৌক্তিক নয়। তাদের দাবি মানা না হলে তারা তীব্র আন্দোলন করবে বলেও বিবৃত্তিতে বলা হয়।বিজিবির থানচি বলীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নূরুল মোমেন চৌধুরী বলেন, থানচিতে ব্যাটালিয়ন করার প্রাথমিক প্রস্তাব রয়েছে। তিনি বলেন, থানচিতে ১২৯ কিলোমিটার দুর্গম পাহাড় ও অরণ্যবেষ্টিত সীমান্ত একটি ব্যাটালিয়নের পক্ষে রক্ষা করা সম্ভব নয়। আলীকদমে সীমান্ত এলাকা কম হওয়ায় থানচিতে ব্যাটালিয়ন করার প্রস্তাব এসেছে। স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে কোথায় কী হবে এবং কী না হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে।