উপজেলার ধারাবাহিকতা ধরে রাখতে হবে: বিশেষজ্ঞদের মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রী, সাংসদ ও আমলাদের দাপট যতই থাকুক না কেন, দেশের উন্নয়নের স্বার্থে উপজেলা পরিষদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হলে ধীরে ধীরে প্রতিষ্ঠানটি আবারও কার্যকর হয়ে উঠবে।

আজ শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।

সেমিনারে ‘আইন থাকা সত্ত্বেও অকার্যকর মর্যাদাহীন নির্বাচিত উপজেলা পরিষদ’ শীর্ষক ধারণাপত্র উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশীদ ও মহাসচিব বদিউজ্জামান বাদশা।

ধারণাপত্রে বলা হয়— সংবিধান পরিপন্থীভাবে সাংসদদের উপজেলার পরিষদের উপদেষ্টা করা হয়েছে। আইনে বিভিন্ন মন্ত্রণালয়ের ১৭টি বিভাগের দায়িত্ব উপজেলার কাছে ন্যস্ত করা হয়েছে। ১৭টি বিভাগের কাজ করার জন্য শতাধিক কমিটি রয়েছে, এর মধ্যে ৯০ শতাংশ কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা। আইনে বলা হয়েছে হস্তান্তরিত ১৭টি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা উপজেলা পরিষদের তহবিলে জমা দেওয়ার পর পরিশোধ করা হবে। গত সাড়ে চার বছরে এ আইন কার্যকর করা হয়নি। 

ধারণাপত্রে আরও বলা হয়, টিআর-কাবিখার বরাদ্দ সাংসদ নিয়ন্ত্রণ করে থাকেন। এর মাধ্যমে চৌর্যবৃত্তি ও লুটপাটকে উত্সাহিত করা হচ্ছে। অথচ দায়ভার যাচ্ছে উপজেলা পরিষদের কাঁধে। দুর্নীতি বা অনিয়মের অভিযোগ ছাড়াই সাংসদের ইচ্ছামতো উপজেলা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করা হচ্ছে।

সুপারিশে সাংসদদের উপদেষ্টা করার বিধান বিলোপ, মন্ত্রণালয় গঠিত ১৭টি বিভাগের কমিটি বাতিল করে নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে কমিটি গঠন, ১৭টি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা উপজেলা পরিষদে জমা দিয়ে পরিশোধের ব্যবস্থা করা, বিদ্যমান আইনকে পাশ কাটিয়ে দেওয়া সকল বরাদ্দ বাতিল এবং ইউপি চেয়ারম্যান কর্তৃক উপজেলার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহণ না করার দাবি উত্থাপন করা হয়।

আলোচনায় সুশাসনের জন্য নাগরিকের সভাপতি হাফিজ উদ্দিন খান বলেন, উপজেলা পরিষদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ভবিষ্যতে যাতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংসদদের দ্বন্দ্ব দূর হয়, সে ব্যবস্থা করতে হবে। তাতে করে উপজেলা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। সেজন্য উপজেলা নির্বাচন যাতে যথাসময়ে হয়, সে ব্যবস্থা করতে হবে।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমদে বলেন, উপজেলা পরিষদকে ঘিরে কোনো উন্নয়নই হয়নি। তা সত্ত্বেও প্রতিবছর অন্তত একবার করে বাজেট প্রণয়নের কাজটি হয়েছে। এটিও কম অর্জন নয়। এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। যাতে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে নতুন পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা যায়। নির্বাচন না হলে প্রতিষ্ঠানটির আগের মতো নিষ্ক্রিয় হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় সরকার বা স্থানীয় উন্নয়নে সাংসদদের ভূমিকা অসাংবিধানিক। সংবিধানে সাংসদ ও স্থানীয় সরকারের দায়িত্ব কী, তা স্পষ্ট বলা আছে। এটি মানা হচ্ছে না বলেই উন্নয়ন ব্যহত হচ্ছে।

স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান বলেন, স্থানীয় সরকারে অরাজনৈতিক বলে কিছু নেই। আমরা সবাই মুখোশ পরে আছি। সেই মুখোশ খুলে ফেলতে হবে। উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিষদ থেকে দেওয়া হলে সমস্যার অনেকখানি সমাধান হয়ে যাবে। টিআর-কাবিখা বন্ধ করে দেওয়া উচিত। এটি চৌর্যবৃত্তির আখড়া। এ খাতের বরাদ্দ করা টাকা পরিকল্পনা করে অন্যখাতে ব্যবহার করা যেতে পারে। এটি করা সম্ভব হলে সাংসদ ও উপজেলা জনপ্রতিনিধিদের দ্বন্দ্ব অনেককাংশে কমে যাবে। তিনি জানান, জঙ্গী সম্পৃক্ততার কারণে ১২ জন চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে।

সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, আওয়ামী লীগ-বিএনপিসহ সব দলই ঐকমত্যের ভিত্তিতে দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে অকার্যকর করে রেখেছে। এখন পর্যন্ত যাদের অপসারণ করা হয়েছে, সেটাও আইনগতভাবে করা হয়নি। মন্ত্রণালয়গুলো যে সব পরিপত্র জারি করা হয়েছে, তার সবই অবৈধ। এই ‘নাই’ এর মধ্যেও যেটুকু ক্ষমতা আছে, তা প্রয়োগ করে উপজেলার ধারাবাহিতা ধরে রাখতে হবে।

নিউ এজ-এর সম্পাদক নুরুল কবির বলেন, উপজেলার সমস্যাটি রাজনৈতিক। নির্বাচিতদের বেশিভাগই ক্ষমতাসীন দলের অনুসারী। তারা আন্দোলন করে সরকারকে বিব্রত করতে চাননি। আন্দোলন না করার মাধ্যমে তারা নিজেদের অসম্মানিত করেছেন।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসেসিয়েশনের মহাসচিব ইকবাল আরসালান বলেন, রাজনৈতিক দলগুলো মনে করে নির্বাচনে জনপ্রতিনিধিদের চেয়ে আমলারা তাদের পক্ষে বেশি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। সেজন্য তারা আমলাদের ক্ষমতা খর্ব করে কিছু করতে চান না।

হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য দেন, হাইকোর্টের আইনজীবী এম এ বারী, অ্যাসোসিয়েশনের মহাসচিব বদিউজ্জামান বাদশা, যশোরে ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান মনিরুল ইসলাম, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চেয়ারম্যান এ বি এম আবদুস সাত্তার, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভাইসেচেয়ারম্যান রাশেদা আখতার প্রমুখ।