
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকার উপজেলা নির্বাচনের ফলাফল ঠিক করে ফেলেছে। কোন কেন্দ্রে কখন সিল মেরে বাক্স ভর্তি করা হবে—সবই ঠিকঠাক। শুধু ঘোষণার অপেক্ষায় আছে।
গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে খালেদা জিয়া এ মন্তব্য করেন।
৩১ মার্চ উপজেলা নির্বাচন শেষে জোরালো আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে দলের নেতা-কর্মী, সাংবাদিক ও পেশাজীবীদের প্রতি আহ্বান জানান বিএনপির চেয়ারপারসন। তিনি বলেন, এবার আন্দোলন সফল হবে, গণধিক্কৃত সরকার বিদায় নেবে। এ সময় খালেদা জিয়া সরকারি আয়োজনে লাখো কণ্ঠে জাতীয় সংগীত অনুষ্ঠানের কথা উল্লেখ করে বলেন, ‘সময়কাল নির্ধারণ করে আন্দোলন হবে না। আমরা প্রতিনিয়ত আন্দোলনে আছি, আমরা দেখিয়ে দেব, শতকোটি টাকা খরচ করে জাতীয় সংগীত করে কোনো লাভ হবে না। গণ-অভ্যুত্থানের মাধ্যমে যখন এ সরকার বিদায় হবে, রাস্তায় পদচারণায় ভরে যাবে, সেটাই আসবে গিনেস বুকে।’
খালেদা জিয়া দাবি করেন, লাখো কণ্ঠে জাতীয় সংগীত অনুষ্ঠানে টাকা দিয়ে মানুষ আনা হয়েছে। সেখানে ২০০০ শ্রমিক আহত ও বহু নির্যাতিত হয়েছেন। অনেক খবরই পত্রিকায় আসতে দেওয়া হয়নি।
অনুষ্ঠানে খালেদা জিয়া ‘অবৈধ’ সংসদ থেকে পদত্যাগ করতে বিরোধী দলের প্রতিও আহ্বান জানান। উপজেলা নির্বাচনে প্রমাণিত হয়ে গেছে যে তথাকথিত বিরোধী দলের কী ভরাডুবি হয়েছে।
খালেদা জিয়া প্রশ্ন করে বলেন, ‘চাপটা কিসের ছিল? চাপ তো আমাদের ওপরও ছিল। আমরা তো চাপকে পরোয়া করিনি জনগণের চিন্তা করে। তার মানে এমন কোনো অপকর্ম করেছেন, যে চাপ সহ্য করার ক্ষমতা আপনাদের ছিল না।’ তিনি আরও বলেন, ‘এখনো সময় আছে, যদি মনে করেন চাপের মুখে নির্বাচনে গেছেন, আগামীতে নির্বাচন ও রাজনীতি করবেন না, তাহলে অবিলম্বে সংসদ থেকে পদত্যাগ করে নিজেদের সম্মান, চামড়াটুকু বাঁচান।’
বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক নেতা শওকত মাহমুদ, আবদুল হাই শিকদার, কামাল উদ্দিন, এম আবদুল্লাহ প্রমুখ। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, সদরুল আমিন, বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়া ও সাদেক হোসেন খোকা উপস্থিত ছিলেন।