উপজেলার সাবেক চেয়ারম্যানের বাড়ি ও দুটি দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল বাজারে গতকাল শুক্রবার আগুন লেগে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল বারীর বসতবাড়ি, একটি গুদাম ও একটি জুতা-স্যান্ডেলের দোকান পুড়ে গেছে। একই দিন সদর উপজেলার আবদুর রহমানের গুদামের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এ ছাড়া বড়াইগ্রামের জোনাইল বাজারপাড়ায় গত বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নাটোর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন মাস্টার রইসউদ্দিন বলেন, সোলায়মানের জুতা-স্যান্ডেলের দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে দোকান-সংলগ্ন আবদুল বারীর বাড়ির একটি ঘর ও রবিউলের রকমারি স্টোরের গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয় কাউন্সিলর আবদুল জব্বার বলেন, দোকানের মালামাল ও বাড়ি পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে সাংসদ আবদুল কুদ্দুস, পৌর মেয়র আবদুল বারেক, এএসপি শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে সদর উপজেলার হয়বতপুর কাদিম সাতুরিয়া গ্রামে দুপুরে আবদুর রহমানের গুদাম থেকে ধোঁয়া বের হতে থাকলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আবদুর রহমান বলেন, এতে তাঁর প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার রাতে জোনাইল বাজারপাড়ার হোমিও চিকিৎসক আফজাল হোসেনের বাড়িতে গোয়ালঘরে মশার কয়েল থেকে আগুন ছড়িয়ে পড়লে দুটি গরুসহ একটি ঘর পুড়ে যায়।