উপজেলায় একক প্রার্থী নিশ্চিত করতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিয়ে একক প্রার্থী নিশ্চিত করতে বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রিসভা সূত্রে জানা গেছে, কয়েকজন মন্ত্রী জানান, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ছড়াছড়ি। একক প্রার্থী ঠিক করতে কেন্দ্রীয়ভাবে সাত বিভাগে সাতটি দল কাজ শুরু করেছে। বিদ্রোহী প্রার্থী সামাল দিতে তাঁদেরও হিমশিম খেতে হচ্ছে। বিদ্রোহ ঠেকাতে তাঁদের সব চেষ্টাই ব্যর্থ হতে চলেছে। অনেক সাংসদ নিজেদের প্রার্থীদের দাঁড় করিয়ে দিয়েছেন। তাঁদের দলীয় প্রার্থী করার চেষ্টা করছেন তাঁরা।
উপানুষ্ঠানিক শিক্ষা আইন-২০১৪-এর খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য গতকাল মন্ত্রিসভায় উত্থাপন করা হয়। তবে খসড়াটি পর্যালোচনা করে আবার তা মন্ত্রিসভায় উত্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলা হয়েছে।
মন্ত্রিসভায় নিয়মিত বিষয় নিয়ে আলোচনার পর উপজেলা প্রসঙ্গ, নদী ভরে যাওয়া ও খননযন্ত্র কেনা নিয়ে আলোচনা হয়। অনির্ধারিত আলোচনায় নদী ঠিকভাবে খনন না হওয়ায় একজন জ্যেষ্ঠ মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবছর নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কোটি কোটি টাকা ব্যয়ে খনন কার্যক্রম চালানো হয়। কিন্তু খনন কার্যক্রম ঠিকভাবে হচ্ছে না। খননযন্ত্র কেনা নিয়েও নানা কথা শোনা যায়।