উপজেলায় একক প্রার্থী রাখতে সর্বাত্মক চেষ্টা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচনে একক প্রার্থী রাখতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বিএনপি। ‘বিদ্রোহী’ নেতাদের ব্যাপারে দলটি প্রয়োজনে কঠোর হবে বলেও দলের দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিবের নেতৃত্বে গঠিত একটি কমিটি ‘বিদ্রোহী’ প্রার্থীদের বসিয়ে দিতে কাজ করছে। এ কমিটির নির্দেশ যাঁরা উপেক্ষা করছেন, তাঁদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। কেন্দ্রের নির্দেশ অমান্য করে নির্বাচনে থাকায় গত দুই দিনে পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন রাজবাড়ী জেলা বিএনপির সহসভাপতি গোলাম শওকত সিরাজ, মানিকগঞ্জের সিংগাইর উপজেলা কমিটির সদস্য আবিদুর রহমান খান, বরিশালের বাকেরগঞ্জ উপজেলা কমিটির অর্থবিষয়ক সম্পাদক মশিউর রহমান, সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ও শরীয়তপুরের গোসাইরহাট থানা কমিটির সদস্য আনোয়ার হোসেন। তাঁদের প্রথম তিনজন নিজ নিজ উপজেলায় চেয়ারম্যান পদে এবং শেষ দুজন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবশ্য দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকায় তাঁদের বহিষ্কার করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতা প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ সরকারের (২০০৯-২০১৩) গত আমলে সিটি করপোরেশন নির্বাচনগুলোতে একচেটিয়া জয় পেয়েছিলেন বিএনপি-সমর্থিত প্রার্থীরা। বিএনপি মনে করে, ওই জয়ের পেছনে একটি বড় কারণ ছিল একক প্রার্থী দিতে পারা। তাই এবারের উপজেলা নির্বাচনেও একক প্রার্থী দেওয়ার বিষয়টিকে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু প্রথম দফার ৯৭ উপজেলার নির্বাচনে অর্ধেকের বেশি জায়গায় বিএনপির একাধিক নেতা প্রার্থী হয়েছেন। এখন আর মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ নেই। তাই বিএনপির কেন্দ্র থেকে চেষ্টা চালানো হচ্ছে সমঝোতার মাধ্যমে প্রতিটি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলের একজন করে নেতাকে নির্বাচনে রেখে বাকিদের নিষ্ক্রিয় করে দিতে।
এ কাজের সমন্বয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়েছে। বিএনপির চারজন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লা ও সালাহ উদ্দিন আহমেদ এ কমিটির সদস্য। দলের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক কাজী আসাদ সদস্যসচিবের কাজ করছেন।
কমিটি সূত্রে জানা গেছে, তাদের কার্যক্রম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়মিত অবহিত করা হচ্ছে। ভারপ্রাপ্ত মহাসচিব চিকিৎসার জন্য এই মুহূর্তে দেশের বাইরে থাকলেও তাঁর সঙ্গে কমিটির বাকি সদস্যরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
জানতে চাইলে কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, এ নির্বাচনে দলীয়ভাবে অংশ নেওয়ার সুযোগ নেই। স্থানীয়ভাবেই দল-সমর্থিত প্রার্থী ঠিক করা হচ্ছে। কেন্দ্র থেকে এই সমন্বয় কমিটির সদস্যরা পরামর্শ দিয়ে স্থানীয় নেতাদের সাহায্য করছেন। তাঁরা ‘ভালো প্রার্থীর’ পক্ষে সবাইকে সমর্থন দেওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন।
‘ভাল প্রার্থী’ বলতে মূলত যাঁর জয়ের সম্ভাবনা বেশি, তাঁকে বোঝানো হচ্ছে বলে দাবি করেন এই কমিটির আরেক সদস্য। তিনি জানান, এরই মধ্যে সুনামগঞ্জ, ছাতকসহ অনেক জায়গায় ‘বিদ্রোহী’ প্রার্থীদের অনেকে কেন্দ্রের নির্দেশে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বাকি বিদ্রোহীদের বসিয়ে দিতে ভোটের আগমুহূর্ত পর্যন্ত কেন্দ্র থেকে চেষ্টা অব্যাহত থাকবে।
কেন্দ্রের নির্দেশ মেনে নির্বাচন থেকে যাঁরা সরে দাঁড়াবেন, তাঁদের বিষয়টি পরে দল থেকে ‘দেখার’ আশ্বাস দেওয়া হচ্ছে। আর নির্দেশ অমান্যকারীদের আগে-পরে দলীয় শাস্তির মুখে পড়তে হবে বলেও একাধিক নেতা জানান।
প্রথম দফায় আগামী ১৯ ফেব্রুয়ারি ৯৭টি উপজেলায় নির্বাচন হচ্ছে। এর মধ্যে ৫৪টিতে বিএনপির একাধিক প্রার্থী আছেন।
দ্বিতীয় দফায় ১১৭টি উপজেলায় নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। এর মধ্যে ২০ শতাংশের মতো উপজেলায় বিএনপির একাধিক প্রার্থী রয়েছেন বলে দলের একজন যুগ্ম মহাসচিব দাবি করেন। এসব উপজেলায়ও সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী রাখতে চেষ্টা চলছে। এ জন্য দলটি ‘বিদ্রোহী’ নেতাদের মধ্যে প্রয়োজনে কঠোর হবে বলেও এই নেতা জানান।