উপজেলায় ভোটযুদ্ধ আগামী মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারের দুই স্তরে দুই নিয়ম। মেয়াদ শেষ হওয়ার সাড়ে ছয় বছরেও নির্বাচনের খবর নেই ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি)। উল্টো নির্বাচন এড়াতে ‘অধিক সেবা’র কথা বলে দুই বছর আগে দুই ভাগ করা হয় ডিসিসিকে। তবে উপজেলার ক্ষেত্রে আইন মানার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
দেশের ৪৮৭টি উপজেলার মধ্যে শতাধিক উপজেলা পরিষদে মধ্য-ফেব্রুয়ারিতে নির্বাচন করতে যাচ্ছে কমিশন। আজ রোববার তফসিল ঘোষণা করা হতে পারে। সুষ্ঠুভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবার কয়েক ধাপে ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে ১৮ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে (২১ ফেব্রুয়ারি বাদে) শতাধিক উপজেলায় নির্বাচন হবে।
কাল নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ, চার কমিশনার, কমিশন সচিবালয়ের সচিব, শিক্ষাসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, মধ্য-ফেব্রুয়ারিতে কিছু উপজেলায় নির্বাচন করার ব্যাপারে আইনি বাধ্যবাধকতা আছে। এসব উপজেলায় কবে ভোট হবে, সে বিষয়ে রোববার কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হবে। নির্বাচনের সময় এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলবে। শিক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয়, সে বিষয়টি কমিশন বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করবে।
জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, ১৮ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে যেসব উপজেলার মেয়াদ শেষ হচ্ছে, সেখানে নির্বাচন হবে। আজ বিকেলে তফসিল ঘোষণা হতে পারে।
এর আগে ২০০৯ সালের ২২ জানুয়ারি দেশের ৪৮০টি উপজেলায় নির্বাচন হয়েছিল। এখন উপজেলার সংখ্যা ৪৮৭। উপজেলা নির্বাচনী আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। ২২ ফেব্রুয়ারির মধ্যে শতাধিক উপজেলার মেয়াদ শেষ হবে। ২৫ মার্চের মধ্যে শেষ হবে আড়াই শতাধিক উপজেলার মেয়াদ। বাকি উপজেলার মেয়াদ শেষ হবে জুনের মধ্যে। নির্বাচনের মাধ্যমে গঠিত উপজেলা পরিষদের প্রথম বৈঠক থেকে পাঁচ বছরের হিসাব ধরা হয়।
ডিসিসি নির্বাচন না করার কারণ রাজনৈতিক: স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং দায়িত্বশীল কয়েকজন সরকারি কর্মকর্তা মনে করেন, মূলত রাজনৈতিক কারণেই সরকার ডিসিসি নির্বাচন করছে না। ‘অধিক সেবা’র কথা বলে ২০১১ সালের ২৯ নভেম্বর ডিসিসি দুই ভাগ করে সরকার। এর মধ্যে পাঁচবার প্রশাসক বদলানো হয়েছে। কিন্তু নির্বাচনের উদ্যোগ নেই। মাঝে দু-একবার নির্বাচনের কথা শোনা গেলেও একে একে পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে সরকারি দলের পরাজয়ের পর সে উদ্যোগে ভাটা পড়ে।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘জাতীয় নির্বাচনের পর এখন আর নির্বাচন না করার কোনো কারণ নেই। আশা করব, সরকার ঢাকা সিটি করপোরেশন ও জেলা পরিষদের নির্বাচন দ্রুত সম্পন্ন করবে।’
জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুল মোবারক এ বিষয়ে বলেন, ‘আমাদের কিছু করার নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি সীমানা পুনর্নির্ধারণের কাজটি করে দেয়, তাহলে আমরা তফসিল ঘোষণা করব।’
সংশ্লিষ্ট সূত্রমতে, সিটি করপোরেশনের প্রশাসকের মেয়াদ ১৮০ দিন। তাই বারবার প্রশাসক বদল করতে হয়েছে। সর্বশেষ গত নভেম্বরের শেষ সপ্তাহে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো. আলমগীরকে দক্ষিণ সিটি করপোরেশনে এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম শিকদারকে উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়।
নির্বাচন কমিশনের সূত্রমতে, দুই ভাগ হওয়ার পর ২০১২ সালের ৯ এপ্রিল দুই সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা করেছিল। ২৪ মে ভোট গ্রহণের তারিখও দেওয়া হয়। কিন্তু হাইকোর্টে রিট হলে ১৫ এপ্রিল আদালত নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে কিছু নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী, সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ করার কথা।
এরপর রিট নিষ্পত্তি হলেও নির্বাচন হয়নি। উল্টো দক্ষিণ সিটি করপোরেশনে নতুন করে কিছু এলাকা সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা হয়। সীমানা পুনর্নির্ধারণও সম্পন্ন করেনি স্থানীয় সরকার মন্ত্রণালয়। পুরোপুরি হালনাগাদ হয়নি ভোটার তালিকাও।
১৩ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আইনানুযায়ী যথাসময়ে ঢাকা সিটি করপোরেশন ও উপজেলা পরিষদের নির্বাচন হবে।