উপজেলায় যেতে চান না চিকিৎসকেরা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক l ছবি: প্রথম আলো
বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক l ছবি: প্রথম আলো

চিকিৎসকেরা সবাই শহরে থাকতে চান। তাঁরা উপজেলায় যেতে চান না। উপজেলা হাসপাতালগুলোর শয্যা খালি থাকে। অথচ উপজেলাগুলো অনেক উন্নত হয়েছে। উপজেলায় চিকিৎসকেরা থাকতে না চাওয়ায় জেলা হাসপাতালের ওপর চাপ বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালে আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন মন্ত্রী। মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে এ সভা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ওয়াহেদ হোসেন ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এহতেশামুল হক। আরও বক্তব্য দেন বিএমএ (বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন) চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ, কেন্দ্রীয় কমিটির সদস্য নাসির উদ্দিন মাহমুদ, বিএমএ চট্টগ্রামের যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল প্রমুখ বক্তব্য দেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশ করে বলেন, সুরক্ষা আইন প্রণয়ন হচ্ছে। তবে তাতে দুটি দিকই থাকবে। চিকিৎসকদের সুরক্ষা যেমন থাকবে, তেমনি রোগীদের সুরক্ষার বিষয়টিও থাকবে। আপনারা রোগীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেন। রোগীদের মধ্যে আস্থা ফেরান।
প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, রাজশাহী এবং চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। তবে চট্টগ্রামের স্থান নিয়ে জটিলতা রয়েছে। এই ক্যাম্পাসে (চমেক) জায়গা আছে। তবে তাতে ঘরবাড়ি রয়েছে। মানুষও থাকে। এগুলো আগে ভাঙতে হবে। এ জন্য সিদ্ধান্ত নিতে হবে। আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছাতে হবে।
চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মাতৃ ও শিশুমৃত্যু কমেছে। তবে এখনো ৬০ শতাংশ প্রসব হয় হাসপাতালের বাইরে। মা ও নবজাতকের মৃত্যুর ঘটনা এখনো ঘটছে। তিনি বলেন, ব্যবস্থাপনার অভাবে দেশের হাসপাতালগুলোর মেডিকেল যন্ত্রপাতির অর্ধেকই নষ্ট হয়ে যাচ্ছে।