উপজেলায় ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সাবেক দুই হিসাবরক্ষণ কর্মকর্তা ও সোনালী ব্যাংকের দুপচাঁচিয়া শাখার সাবেক সাতজন কর্মকর্তার (কোষাধ্যক্ষ) বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। এতে নয়জনের বিরুদ্ধে প্রায় ১৩ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। 

গত মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া থানায় অর্থ আত্মসাতের অভিযোগে দুটি মামলা করা হয়। দুদকের বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালের জুলাই থেকে ২০০৭ সালের এপ্রিল পর্যন্ত শহিদুল্লাহ মিয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দায়িত্বে ছিলেন। ওই সময় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অতিরিক্ত পেনশনভোগী বানিয়ে ভুয়া ভাউচার করেন। ওই সময়ে সোনালী ব্যাংকের দুপচাঁচিয়া শাখার কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবদুল মান্নান ও মোখলেছার রহমানের সঙ্গে যোগসাজশ করে তাঁরা ১ কোটি ৯৩ লাখ ৪৮ হাজার টাকা ব্যাংক থেকে তুলে আত্মসাৎ করেন। এরপর শহিদুল্লাহ মিয়া বদলি হয়ে যান। পরে খলিলুর রহমান ২০০৭ সালের এপ্রিল থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দায়িত্বে থাকাকালে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশনভোগী বানিয়ে ভুয়া ভাউচার করেন। ওই সময়ে সোনালী ব্যাংকের দুপচাঁচিয়া শাখায় কর্মরত কোষাধ্যক্ষ আবদুল বারী, আবদুস সালাম আকন্দ ও ইউনুছ আলী যোগসাজশ করে প্রায় ১১ কোটি ৭৪ লাখ ৬১ হাজার টাকা ব্যাংক থেকে তুলে আত্মসাৎ করেন।
উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় সূত্রে জানা যায়, ২০১০ সালের মে মাসে তৎকালীন রাজশাহী বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক নজরুল ইসলাম গোপন সংবাদ পেয়ে তদন্ত করতে আসেন। তিনি উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের পেনশন রেজিস্ট্রার ও ভাউচার জব্দ করেন। তিনি তদন্ত প্রতিবেদন ঢাকায় মহাহিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠান। এর ভিত্তিতে শহিদুল্লাহ ও খলিলুরকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর হিসাব বিভাগের মহানিয়ন্ত্রক ২০১১ সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে দুদকে অভিযোগ করেন। দুদক বিষয়টি তদন্ত করে তিন বছর নয় মাস পর দুপচাঁচিয়া থানায় মামলা করে।
বগুড়ার উপসহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, দুদকের তদন্তে ওই সব কর্মকর্তা প্রায় ১৩ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামি শহিদুল্লাহ মিয়াকে বরখাস্ত করায় তিনি হাইকোর্টে রিট করেন। তখন বিচারপতি মামলাটি স্থগিত করেন। পরে রিটের বিরুদ্ধে আপিল করা হলে রিটটি আপিল বিভাগ খারিজ করে দেন। এ কারণে মামলা করতে দেরি হয়েছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মামলার পরপরই পুলিশ আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।