উপজেলা-ইউপি চেয়ারম্যান দ্বন্দ্বে ৬৬ হাজার দুস্থ বঞ্চিত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের দ্বন্দ্বের কারণে ঈদের বিশেষ বরাদ্দের ভিজিএফের চাল পাননি ১১টি ইউনিয়নের ৬৬ হাজার দুস্থ মানুষ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা (পিআইও) ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের আগে উপজেলার মোট ১১টি ইউনিয়নের ৬৬ হাজার ৩৩৫ জন দুস্থ মানুষের মধ্যে বিতরণের জন্য ৬৬৩ দশমিক ৩৩৫ মেট্রিকটন চাল বরাদ্দ করে সরকার। ঈদের আগেই ওই চাল বিতরণ করার কথা ছিল। এ লক্ষ্যে দুস্থদের নামের তালিকাও করেন ইউপি চেয়ারম্যানরা। কিন্তু ওই তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান।
ইউপি চেয়ারম্যান সমিতি থেকে জানা গেছে, প্রতিবছর ঈদের আগে দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয় সংশ্লিষ্ট ইউপির সদস্যদের করা তালিকার ভিত্তিতে। এ বছরও ইউপি সদস্যদের দিয়ে তালিকা করা হয়। কিন্তু ওই তালিকা মানতে রাজি হননি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মানবিক সহায়তা কমিটির উপদেষ্টা মাহমুদ হাসান। তিনি দাবি করেন, ইউপি চেয়ারম্যানরা সদস্যদের দিয়ে তালিকা তৈরি না করে নিজেদের ইচ্ছামতো তালিকা তৈরি করেছেন।
মাইজবাগ ইউপির চেয়ারম্যান বরাদ্দ করা চাল তোলেনও। কিন্তু পরে ওই চাল ফেরত দিতে বাধ্য হন তিনি। ওই ইউপির চেয়ারম্যান ফরিদ মিয়া বলেন, তিনি পাঁচ দিন আগে বিতরণের জন্য ভিজিএফের চাল তোলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসানের বাধার কারণে বাধ্য হয়ে পরের দিন আবার উপজেলা খাদ্য গুদামে তিনি ওই চাল ফেরত দেন। তালিকা নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে গত বৃহস্পতিবার উপজেলার ইউপি চেয়ারম্যান সমিতি জরুরি সভা ডেকে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা বর্জনের সিদ্ধান্ত নেয়।
সমিতির সভাপতি ও ঈশ্বরগঞ্জ ইউপির চেয়ারম্যান হারিছ উদ্দিন বলেন, ‘আমরা ঠিকমতোই তালিকা করেছিলাম। তার পরও উপজেলা চেয়ারম্যান প্রত্যেকটি ইউনিয়নে তালিকাকে ত্রুটিপূর্ণ বলে ঈদের আগে দরিদ্রদের ভিজিএফের চাল থেকে বঞ্চিত করেছেন।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান বলেন, সরকারি বিধি লঙ্ঘন করে তালিকা তৈরিতে ইউপি সদস্যদের সম্পৃক্ত করা হয়নি। তাই ঈদের আগে চাল বিতরণ করা সম্ভব হয়নি।