উপড়ে পড়ার ঝুঁকিতে ১০ হাজার ঝাউগাছ

কক্সবাজার সমুদ্রসৈকতের অন্তত ১০ হাজার ঝাউগাছ উপড়ে পড়ার ঝুঁকিতে আছে। গোড়া থেকে বালু সরে কয়েক হাজার গাছ হেলে পড়েছে। আর এরই মধ্যে উপড়ে পড়া গাছ লোকজন কেটে নিয়ে যাচ্ছেন।
পরিবেশ অধিদপ্তর ও বনকর্মীদের ভাষ্যমতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোরে সৈকতের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্টে দেখা যায়, কয়েকজন নারী জোয়ারে উপড়ে পড়া ঝাউগাছ কেটে নিয়ে যাচ্ছেন। জানতে চাইলে সখিনা খাতুন নামের এক নারী জানান, একটি ঝাউগাছ বিক্রি করলে ৫০০ থেকে দেড় হাজার টাকা পাওয়া যায়। ঝাউগাছ ঘরের খুঁটি ও নৌকা তৈরির কাজে ব্যবহৃত হয়। জীবিকা নির্বাহের জন্য তিনি গাছ কাটছেন।
আরেক নারী কুলসুমা বলেন, সন্ধ্যার পর বনকর্মীরা চলে গেলে ঝাউবাগান অরক্ষিত হয়ে পড়ে। এ সুযোগে গভীর রাতে বহু লোক বাগানে ঢুকে উপড়ে পড়া গাছ কেটে নিয়ে যান।
দুপুর পর্যন্ত সৈকতের নাজিরারটেক, সমিতিপাড়া, ডায়াবেটিক হাসপাতাল, কবিতা চত্বর, শৈবাল পয়েন্টের (প্রায় ছয় কিলোমিটার) ঝাউবাগান ঘুরে দেখা যায়, কয়েক হাজার গাছ ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যে অন্তত এক হাজার গাছের গোড়া থেকে মাটি সরে হেলে পড়েছে।
কস্তুরাঘাট বন বিটের ফরেস্টার আবু শামা বলেন, গত এক মাসে এই অংশ থেকে তিনি উপড়ে পড়া প্রায় ৩০০ ঝাউগাছ উদ্ধার করেছেন। জোয়ারের ধাক্কায় গোড়ার মাটি সরে গাছগুলো উপড়ে পড়ে।
কস্তুরাঘাট ও কলাতলী বিটের দায়িত্বে থাকা বন বিট কর্মকর্তা আবদুল জলিল বলেন, সৈকতের নাজিরাটেক থেকে কবিতা চত্বর পর্যন্ত চার কিলোমিটার ঝাউবাগানে প্রায় সাত হাজার এবং কবিতা চত্বর থেকে হিমছড়ি পর্যন্ত ১০ কিলোমিটার বাগানে তিন হাজার (মোট ১০ হাজার) ঝাউগাছ উপড়ে পড়ার ঝুঁকিতে আছে। এর মধ্যে গোড়ার মাটি সরে হেলে আছে কয়েক হাজার গাছ। গাইডওয়াল তৈরি করে জোয়ারের ধাক্কা সামলানো না গেলে এই ঝাউবাগান রক্ষা করা সম্ভব হবে না। তিনি বলেন, সৈকতের ১৪ কিলোমিটার বাগানে ৫০ হাজারের মতো ঝাউগাছ আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের একজন কর্মকর্তা বলেন, জনবলসংকটের কারণে বিশাল এই ঝাউবাগান রক্ষা করা সম্ভব হচ্ছে না। চারজন বনকর্মী দিয়ে বিশাল ঝাউবাগান দিনের বেলায় কোনোমতে সামাল দেওয়া গেলেও রাতে অরক্ষিত থাকছে। ফলে গাছ চুরি হচ্ছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং এর প্রভাবে ঝাউবাগান বিলীন হচ্ছে। তিনি বলেন, গাইডওয়াল দিয়ে ঝাউবাগান রক্ষা করা সম্ভব নয়। বালুচরে নিশিন্দা ও সৈকত লতা বনায়ন করে বালিয়াড়ি সৃজনের মাধ্যমে ঝাউগাছ রক্ষা করতে হবে।