উপঢৌকন নিয়ে ব্যাকরণ বই পাঠ্যতালিকায়!
মাধ্যমিক পর্যায়ে সরকারিভাবে বাংলা ও ইংরেজি ব্যাকরণ পাঠ্যবই হিসেবে দেওয়া সত্ত্বেও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ে জুপিটর ভিশন নামে একটি প্রকাশনা প্রতিষ্ঠানের ওই দুটি ব্যাকরণ বই পাঠ্য তালিকাভুক্ত করার অভিযোগ উঠেছে। উপঢৌকন নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা প্রতিষ্ঠানটির বই পাঠ্য করেছেন বলে অভিযোগ রয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সূত্রে জানা গেছে, উপজেলার কাশিড়া উচ্চবিদ্যালয়ের যষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থীদের জুপিটর ভিশন প্রকাশনীর বাংলা ও ইরেজি ব্যাকরণ বই কেনার জন্য তালিকা সরবরাহ করা হয়েছে। তালিকার একদিকে ‘কাশিড়া উচ্চবিদ্যালয়’ অন্যদিকে ‘হিরো লাইব্রেরি’র সিল রয়েছে। ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থীর বাবা অভিযোগ করেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ের অনান্য ছাত্রছাত্রীর মতো তাঁর ছেলেকে ব্যাকরণ বই কেনার জন্য ওই তালিকা দিয়েছেন। জানতে চাইলে প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, তিনি কোনো শিক্ষার্থীকে ব্যাকরণ বই কিনতে পাঠ্যতালিকা দেননি। তাঁর অজান্তে বিদ্যালয়ের পিয়ন আছির উদ্দিন শিক্ষার্থীদের এই তালিকা দিয়েছেন। আছির উদ্দিন অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন। সূত্র জানায়, উপজেলার অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ে জুপিটর ভিশন প্রকাশনীর বাংলা ও ইরেজি ব্যাকরণ বই পাঠ্য তালিকাভুক্ত করা হয়েছে। এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তাঁদের বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ওই প্রতিষ্ঠানের বাংলা ও ইংরেজি ব্যাকরণ বই পাঠ্য তালিকাভুক্ত করেছেন। প্রতিষ্ঠানটি বিনিময়ে তাঁদের রঙিন টেলিভিশন, রিফ্রিজারেটর ও বিদ্যালয়ের জন্য নগদ অর্থ সহায়তা দিয়েছে। জুপিটর ভিশন প্রকাশনীর স্থানীয় প্রতিনিধি (এজেন্ট) রেলগেট এলাকার হিরো লাইব্রেরি।হিরো লাইব্রেরির স্বত্বাধিকারী হিরো জানান, উপজেলার অধিকাংশই মাধ্যমিক বিদ্যালয়ে জুপিটর ভিশনের বাংলা ও ইরেজি ব্যাকরণ বই পাঠ্য তালিকাভুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানের লোক তাঁর কাছে পাঠ্যতালিকা দিয়ে গেছেন এবং লাইব্রেরির সিল দিয়ে একই পাঠ্যতালিকা বিদ্যালয়গুলোতেও সরবরাহ করেছেন। পাঠ্যতালিকাভুক্তির বিনিময়ে প্রতিষ্ঠান কোনো বিদ্যালয়কে কত টাকার উপঢৌকন দিয়েছে, তা জানতে চাইলে তিনি জানান, সরাসরি প্রতিষ্ঠানের লোকজন বিদ্যালয়ে গিয়ে চুক্তি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন বলেন, ‘সরকারিভাবে মাধ্যমিক পর্যায়ে বাংলা ও ইংরেজি ব্যাকরণ বই দেওয়া হয়েছে। অধিকাংশ বিদ্যালয়ে একটি প্রকাশনা প্রতিষ্ঠানের বাংলা ও ইংরেজি ব্যাকরণ বই পাঠ্য তালিকাভুক্ত করা হয়েছে বলে অভিযোগ আসছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ জানান, কাশিড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি ব্যাকরণ বই কেনার জন্য পাঠ্যতালিকা দিয়েছে। ঘটনাটি জানার পর কাশিড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সর্তক করা হয়েছে।জুপিটর ভিশন প্রকাশনীর ব্যবস্থাপক আবদুল হালিম বিভিন্ন বিদ্যালয়ে নগদ টাকা ও জিনিসপত্র উপঢৌকন দেওয়ার কথা স্বীকার করে জানান, প্রধান শিক্ষকেরা উপঢৌকন না পেলে বিদ্যালয়গুলোতে তাঁদের প্রকাশনা প্রতিষ্ঠানের ব্যাকরণ বই পাঠ্য তালিকাভুক্ত করেন না। তাই স্থানীয় এজেন্টের মাধ্যমে উপঢৌকন দেওয়া হয়। এজেন্টের মাধ্যমে উপজেলায় কত টাকার উপঢৌকন দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘টাকার হিসাব আমার জানা নেই।’