জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ লিমনের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যাবের মহাপরিচালকের (ডিজি) বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।দলটির কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদল এমপি ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া গতকাল সোমবার এক বিবৃতিতে বলেছেন, র্যার সদস্যদের গুলিতে ঝালকাঠির কলেজছাত্র লিমনের পঙ্গুত্ববরণের ঘটনা নিয়ে সরকারের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন প্রকাশের জন্য যেখানে আরও ১৫ দিন সময় নিয়েছে, তখন তদন্ত শেষ হওয়ার আগেই গত কয়েক দিন যাবৎ পর পর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যাবের ডিজি কর্তৃক লিমন ও তার বাবাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত এবং অভিযুক্ত করার ঘটনা খুবই দুঃখজনক।নেতারা বিবৃতিতে বলেন, যেখানে বিবেকবান সব মহল থেকে লিমনের ঘটনাসহ র্যাব-পুলিশ-আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা সংঘটিত বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করা হচ্ছে, সেখানে খোদ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যাবের ডিজির এ ধরনের বক্তব্য জনমনে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।তাঁরা লিমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, পরিবারের সদস্যদের হয়রানি না করা এবং লিমনকে উপযুক্ত চিকিৎসা দেওয়ার জন্য সরকারের প্রতি তাঁরা আহ্বান জানান।