উপজেলা আইন সংশোধন করে সংসদ সদস্যদের উপদেষ্টা পদ বিলোপ করার দাবি জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানরা। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন আয়োজিত এক সমাবেশে তাঁরা এ দাবি জানান। চেয়ারম্যানদের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সরকার-ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সাংসদদের উপদেষ্টা না রাখলেও উপজেলা পরিষদে তাঁদের উপদেষ্টা রাখা হয়েছে। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সাচিবিক দায়িত্ব পালন করার কথা থাকলেও উপজেলা পরিষদের মূল কাজ তাঁরাই (ইউএনওরা) করছেন। কার্যত চেয়ারম্যানদের কাজ নেই। সমন্বয়ক হিসেবে ইউএনওরা উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। অথচ নির্বাচিত প্রতিনিধি হিসেবে চেয়ারম্যানদের সবকিছু করার কথা।বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করার দাবিতে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন আয়োজিত সমাবেশে চেয়ারম্যানরা এ কথা বলেন। সমাবেশের শুরুতেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বক্তব্য দিয়ে চলে যান। মন্ত্রী বলেন, উপজেলা পরিষদে সংসদ সদস্যদের উপদেষ্টার পদ চিরস্থায়ী নয়। সাময়িকভাবে তাঁদের উপদেষ্টা করা হয়েছে। উপজেলা পরিষদ শক্তিশালী করতে আইনের সংশোধন করা হবে। পাশাপাশি উপজেলা পরিষদকে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সৈয়দ আশরাফ আরও বলেন, উপজেলা পর্যায়ে আয়ের উত্স বাড়াতে হবে। তা না হলে সব সময় কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল থাকতে হবে। আর আর্থিকভাবে কারও ওপর নির্ভরশীল থাকলে কখনো স্বাধীনভাবে সব কাজ করা যায় না। সৈয়দ আশরাফ বলেন, চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সময়ের প্রয়োজন। আগামী বাজেটে উপজেলা পরিষদে নির্দিষ্ট খাতভিত্তিক বরাদ্দ দেওয়া হবে। মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। প্রয়োজনে আইন সংশোধন করে একে শক্তিশালী করা হবে। স্থানীয় সরকার-ব্যবস্থাকে শক্তিশালী করতে বর্তমান সরকার ধাপে ধাপে এগোচ্ছে। আমি স্থানীয় সরকারমন্ত্রী থাকলে স্থানীয় সরকার-ব্যবস্থা শক্তিশালী করে ছাড়ব ইনশাল্লাহ।’ তিনি বলেন, ৪৮১টি উপজেলায় গাড়ি বরাদ্দ করা হবে। প্রাথমিকভাবে ১০০টি গাড়ি দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও দেওয়া হবে।সংগঠনের সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বদিউজ্জামান বাদশা। বক্তব্য দেন সিলেট বিভাগের আবদুল খালেক ময়ুন, চট্টগ্রাম বিভাগের গিয়াসউদ্দিন আহমেদ, রাজশাহী বিভাগের আমজাদ হোসেন, রংপুর বিভাগের বিশ্বনাথ সরকার, ঢাকা বিভাগের মুশফিকুর রহমান হান্নান এবং খুলনা বিভাগের আবদুর রউফ। ভাইস-চেয়ারম্যানদের পক্ষ থেকে বক্তব্য দেন নাদিরা বেগম। সমাবেশে সারা দেশ থেকে কয়েক শ উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান অংশগ্রহণ করেন।