উপদেষ্টাকে ফুল দিতে গিয়ে আ.লীগের দুই পক্ষে ধস্তাধস্তি
রংপুরে প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক ও রাজনীতিবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গিয়ে আওয়ামী লীগের দুই পক্ষে ধস্তাধস্তি হয়েছে। গত বুধবার রাতে সার্কিট হাউসে এ ঘটনা ঘটে। এ সময় রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিদ্রোহী পক্ষের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সরকারি সফরে আলাউদ্দিন আহমেদ বুধবার রাত সাড়ে ১০টায় রংপুর সার্কিট হাউসে পৌঁছান। এ সময় জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ও বিদ্রোহী পক্ষের নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে নবগঠিত কমিটি বাতিলের দাবিতে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার তালুকদারের নেতৃত্বে বিদ্রোহী পক্ষের বেশ কিছু নেতা-কর্মী উপদেষ্টার সামনে বিক্ষোভ দেখান। একপর্যায়ে তাঁরা নবগঠিত কমিটির নেতা-কর্মীদের ওপর চড়াও হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরিস্থিতি অনুকূলে রাখতে আলাউদ্দিন আহমেদ বিদ্রোহী পক্ষের দাবিদাওয়ার বিষয়টি কেন্দ্রীয় কমিটির কাছে অবহিত করার আশ্বাস দিলে নেতা-কর্মীরা শান্ত হন।গত ২৩ ফেব্রুয়ারি জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এর পর থেকেই ওই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছে।