শিক্ষক সমিতির দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা, আশরাফুল হক হলের প্রভোস্ট ও ওই হলের দুই হাউস টিউটর পদত্যাগ করেছেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়াদ ইবনে মোমতাজ হত্যার দুই সপ্তাহ পর আজ বুধবার ক্লাস শুরু হচ্ছে। গতকাল শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা কোনো ধরনের পরীক্ষা না দেওয়ার শর্তে ক্লাসে যেতে রাজি হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা সুলতান উদ্দিন ভূঞা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এ ছাড়া আশরাফুল হক হলের প্রভোস্ট রফিকুল ইসলাম, হাউস টিউটর কামরুল হাছান ও ফুয়াদ হাসান পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তাঁরা পদত্যাগপত্র জমা দেন। এর আগে ৩ এপ্রিল ছাত্রবিষয়ক বিভাগের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ মনিরুজ্জামান পদত্যাগ করেন।
শিক্ষক সমিতির দাবির অধিকাংশ পূরণ হওয়ায় আজ থেকে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকেরা। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের সঞ্চৃতিসঞ্চারক বিজয় ৭১-এর পাদদেশে সমবেত হন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তাঁরা বিক্ষোভ মিছিল করেন। ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষা দেবেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
সায়াদ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করে মামলা দায়ের, দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তার ও সম্পূরক তদন্ত প্রতিবেদন প্রকাশের জন্য আগামী মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত প্রশাসনকে সময় বেঁধে দিয়েছেন তাঁরা। তা না হলে ফের ক্লাস বর্জন করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে তদন্ত কমিটি গঠন করে ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা হয়নি দাবি করে বহিষ্কারের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি ও জেনেটিকস বিভাগের ছাত্র ও সাবেক ছাত্রলীগ নেতা সায়াদকে গত ৩১ মার্চ তাঁর নিজ সংগঠনের নেতা-কর্মীরা পিটিয়ে গুরুতর আহত করেন। ১ এপ্রিল সকালে ময়মনসিংহ শহরের ট্রমা সেন্টারে তাঁর মৃত্যু হয়।
টাস্কফোর্স গঠন: শিক্ষক সমিতির দাবিতে ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ১৫ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে বলে জানিয়েছেন উপাচার্য রফিকুল হক। আগামী নভেম্বর পর্যন্ত এর কার্যক্রম বহাল থাকবে। ফোর্সের আহ্বায়ক হলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা ও সদস্যসচিব প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক। উপাচার্য বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে ফেরার সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। শিক্ষার সুষ্ঠু পরিবেশ অব্যাহত রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’