উপনির্বাচন ও পৌর নির্বাচনে আবারও সেনা মোতায়েনের তাগিদ
সংসদের দুই আসনের উপনির্বাচন ও পৌর নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েনের তাগিদ দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগকে আবারও চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগের চিঠির জবাব না পাওয়ায় এই তাগিদপত্র দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ২৭ জানুয়ারি বৃহস্পতিবার হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচন এবং ১২টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।পরিকল্পনা অনুযায়ী এসব নির্বাচনে সেনা মোতায়েন হবে কি না, জানতে চাইলে গতকাল ছহুল হোসাইন বলেন, ‘বলা মুশকিল।’ এ সময় অন্য নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘নির্বাচনের ছয় ঘণ্টা আগেও সেনা মোতায়েন হলে অসুবিধা নেই।’কমিশন সচিবালয় সূত্র জানিয়েছে, বিরাজমান পরিস্থিতিতে দুই উপনির্বাচনী এলাকা ও ১২ পৌরসভার মধ্যে আটটিতে সেনা মোতায়েনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগে তাগিদপত্র পাঠানো হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের নির্বাচনী এলাকায় এক কোম্পানি করে সেনাসদস্য মোতায়েনের কথা বলা হয়েছে।