উপনির্বাচন হলে অংশ নেব, বিজয়ী হব: ম খা আলমগীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের নির্বাচনী আসনে (চাঁদপুর-১) তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ ন ম এহছানুল হককে নির্বাচিত ঘোষণা করার দাবি আইনসংগত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। গতকাল বৃহস্পতিবার তিনি তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।এদিকে গতকাল দেশে ফিরে মহীউদ্দীন খান (ম খা) আলমগীর সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায়ে চাঁদপুর-১ আসন শূন্য করা হয়নি। কিন্তু আসন শূন্য করার সিদ্ধান্ত নির্বাচন কমিশন কেন নিয়েছে, তা তিনি জানেন না। তিনি আরও বলেন, উপনির্বাচন হলে তিনি অংশ নেবেন এবং বিজয়ী হবেন।গত বুধবার আ ন ম এহছানুল হকের স্ত্রী নাজমুন নাহার তাঁর স্বামীকে নির্বাচিত ঘোষণার দাবিতে একটি আবেদন নির্বাচন কমিশনে (ইসি) জমা দেন। এতে তিনি ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ওই আসনের পরাজিত প্রার্থী এহছানুল হককে বিজয়ী ঘোষণার আবেদন জানান। গতকাল বিষয়টি নিয়ে কমিশন সভায় আলোচনা হয়। পরে সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ‘এহছানুল হকের স্ত্রীর দাবি আইনসংগত নয়।’