উপনির্বাচনে অংশ নিতে পারছেন না কাদের সিদ্দিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করে দেওয়া নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ফলে তিনি ২৯ মার্চ অনুষ্ঠেয় উপনির্বাচনে অংশ নিতে পারছেন না। বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার কাদের সিদ্দিকীর রিট আবেদন খারিজ করেন। তিনি ২৩ মার্চ রিটটি করেছিলেন। তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান পরে প্রথম আলোকে বলেন, উপনির্বাচনে কাদের সিদ্দিকীর প্রার্থিতা ফিরে পাওয়ার রিট আবেদন হাইকোর্ট খারিজ করেছেন। এ আদেশ অনুসারে তিনি উপনির্বাচনে অংশ নিতে পারবেন না। ঋণখেলাপি হওয়ায় গত ২৬ ফেব্রুয়ারি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন এই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। কাদের সিদ্দিকী আপিল করলে ২ মার্চ নির্বাচন কমিশন তা খারিজ করে।
[প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করেছেন সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি]