উপনির্বাচনে অংশ নেবে বিএনপি, প্রার্থী চূড়ান্ত করবেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেবে বিএনপি। এই দুই আসনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর ছেড়ে দিয়েছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। গতকাল মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে কমিটির এক বৈঠকে এ ক্ষমতা চেয়ারপারসনের ওপর ছেড়ে দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে আসন্ন পৌরসভা নির্বাচন ও দলের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বেশির ভাগ সদস্য উপস্থিত ছিলেন।খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছাবিনিময়: নতুন বছরে দুঃশাসনের পথ পরিহার করে গণতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।গতকাল মঙ্গলবার রাতে গুলশানে নিজ কার্যালয়ে বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান। খালেদা জিয়া বলেন, সরকার গণতান্ত্রিক আচরণ না করলে জনগণই এর বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম গড়ে তুলবে।খালেদা জিয়া বলেন, ‘নতুন বছরে আমরা আরও ভালো থাকতে চাই। এই সরকারের আমলে দেশের মানুষ ভালো নেই। গ্যাস, বিদ্যুৎ, পানির সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে মানুষের এখন নাভিশ্বাস অবস্থা।’ তিনি জনস্বার্থে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিরোধীদলীয় নেতা বলেন, সরকারদলীয় লোকজন কেবল টেন্ডারবাজি আর চাঁদাবাজিই করছেন না; তাঁরা মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডার জমি পর্যন্ত দখল করছেন। তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপির চলমান আন্দোলন কর্মসূচিতে খ্রিষ্টান সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন।