উপনির্বাচনে নজরুলের স্ত্রী ও ভাইয়ের মনোনয়নপত্র জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত খুনের ঘটনায় নিহত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামের ওয়ার্ডে উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁর স্ত্রী সেলিনা ইসলাম ওরফে বিউটি ও ছোট ভাই আবদুস সালাম।

আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা  তারিফুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দিয়ে নিহত কাউন্সিলর নজরুলের ছোট আবদুস সালাম সাংবাদিকদের বলেন, ‘ভাই আমার রক্ত। তাই ভাইয়ের শূন্য আসনে আমি প্রার্থী হয়েছি। আমিই পারব ভাইয়ের এই ওয়ার্ড দেখে রাখতে। সাত খুনের ঘটনায় বিচার-প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে, আমি নির্বাচিত হতে পারলে বিচার-প্রক্রিয়া যাতে ত্বরান্বিত হয়, সেই ব্যবস্থা করব। হুট করে নির্বাচনের তফসিল ঘোষণা করায় আমরা দুজন প্রার্থী হয়েছি। আমরা বসে আলোচনা করে একজনই নির্বাচন করব। আমাদের ভেতর কোনো  দ্বন্দ্ব নেই।’

অন্যদিকে নিহত কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামীর অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য আমি প্রার্থী হয়েছি। তাঁর মতো তো আমি দুই নম্বর ওয়ার্ডটি সুন্দর করে সাজাতে পারব না। কিছুটা হলেও সাজানোর চেষ্টা করব।’ একই পরিবার থেকে দুজনের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমরা আলোচনা করে একজন প্রত্যাহার করে নেব।’

জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান জানান, সিটি করপোরেশনের দুই নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে মনোনয়নপত্র বিক্রি হয়েছে সাতটি। এর মধ্যে দুপুর পর্যন্ত জমা দিয়েছেন দুজন। মনোনয়নপত্র বাছাই ২১ জুলাই। প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার ৩ আগস্ট। প্রতীক বরাদ্দ ৪ আগস্ট।  ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ আগস্ট।