জাতীয় সংসদের হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী নয়জন প্রার্থীর মধ্যে সাতজনই ব্যবসায়ী। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পক্ষ থেকে এ তথ্য দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সুজনের পক্ষ থেকে প্রার্থীদের হলফনামা তুলে ধরা হয়। এতে দেখা গেছে, নয়জন প্রার্থীর মধ্যে দুজনের স্নাতক এবং তিনজনের স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। হবিগঞ্জ-১ আসনের পাঁচজন প্রার্থীর মধ্যে চারজনই ব্যবসায়ী। বাকি একজন আইনজীবী। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের চার প্রার্থীর মধ্যে তিনজনই ব্যবসায়ী। অন্যজন পেশায় কৃষক।অনুষ্ঠানে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান সংসদের ৫৭ ভাগ সাংসদই ব্যবসায়ী। দুই আসনের উপনির্বাচনে নয়জন প্রার্থীর মধ্যে সাতজনই ব্যবসায়ী। এ থেকে আশঙ্কা করা যায়, দেশের রাজনীতি ব্যবসায়ীদের করায়ত্ত হয়ে গেছে। তিনি আরও বলেন, প্রার্থীরা তাঁদের স্থাবর-অস্থাবর সম্পদের উল্লেখ করলেও দাম উল্লেখ করেননি।ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন আওয়ামী লীগের উবায়দুল মোকতাদির চৌধুরী ও বিএনপির খালেক হোসেন মাহবুব। হবিগঞ্জ-১ আসনের উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মুশফিক হুসেন চৌধুরী, বিএনপির সুজাত মিয়া ও জমিয়তে উলামায়ে ইসলামের আবদুল মালিক চৌধুরী।হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের চার প্রার্থীর তিনজনের বিরুদ্ধেই বর্তমানে ফৌজদারি মামলা রয়েছে। আওয়ামী লীগের প্রার্থী মোকতাদির চৌধুরী এবং বিএনপির খালেক হোসেনের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে। এর মধ্যে মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে অতীতে একটি খুনের মামলাও ছিল। বিএনপির প্রার্থী খালেক হোসেনের ব্যাংকঋণও রয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীই আয়কর দিয়ে থাকেন। অবশিষ্ট দুই প্রার্থী এ বিষয়ে কোনো তথ্য দেননি।অন্যদিকে হবিগঞ্জ-১ আসনের পাঁচজন প্রার্থীর কারোর বিরুদ্ধেই বর্তমানে কোনো মামলা নেই। তবে বিএনপির প্রার্থী সুজাত মিয়ার বিরুদ্ধে অতীতে একটি মামলা ছিল। এ আসনের জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী আবদুল মালিক চৌধুরীর ব্যাংকঋণ রয়েছে। আওয়ামী লীগের প্রার্থী মুশফিক হোসেন চৌধুরী, বিএনপির সুজাত মিয়া ও মালিক চৌধুরী আয়কর দিয়ে থাকেন। অবশিষ্ট দুই প্রার্থী আয়কর-সংক্রান্ত কোনো তথ্য দেননি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ ও সুজনের নির্বাহী সদস্য জাকির হোসেন।