উপনির্বাচনে স্থগিতাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের (বিএফইউজে) সভাপতি পদের উপনির্বাচন স্থগিত করা হয়েছে। কক্সবাজারের দুই সাংবাদিকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) কাজী শাহিনা নিগার নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন। ২৯ জুলাই এই নির্বাচন হওয়ার কথা।
চট্টগ্রাম শ্রম আদালতের বেঞ্চ সহকারী আলী নেওয়াজ মুঠোফোনে প্রথম আলোকে বিএফইউজের সভাপতি পদের উপনির্বাচন স্থগিতের আদেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
শ্রম আদালত সূত্র জানায়, কক্সবাজারের দুই সাংবাদিক মোরশেদ রহমান ও সাঈদ আলমগীর বাদী হয়ে গত বছরের ২৪ নভেম্বর চট্টগ্রাম প্রথম শ্রম আদালতে মামলা করেন। এতে তাঁরা উল্লেখ করেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের ১০ জন সাংবাদিকের নাম বিএফইউজের ভোটার তালিকায় তোলা হয়নি। পরে ২৯ নভেম্বর আদালত কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতা ও বিএফইউজের নেতাদের কাছে এর কারণ ব্যাখ্যা চান। কিন্তু কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত হলেও বিএফইউজের নেতারা আদালতে হাজির হননি।
বাদীর আইনজীবী সুখময় চক্রবর্তী গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভোটার তালিকায় কক্সবাজারের ১০ জন সাংবাদিকের নাম না থাকায় বিএফইউজের সভাপতি পদের উপনির্বাচন স্থগিত করার আবেদন করা হয়। শুনানি শেষে সভাপতি পদের উপনির্বাচন স্থগিতের আদেশ দেন আদালত।
বিএফইউজের উপনির্বাচনে সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।