উপনির্বাচনের হাওয়া উপজেলায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বৃহস্পতিবার সখীপুর উপজেলা পরিষদের নির্বাচন। এক মাস পরেই আবার সখীপুর-বাসাইল (টাঙ্গাইল-৮) আসনের উপনির্বাচন। উপনির্বাচনের হাওয়ায় উপজেলা নির্বাচনের হিসাব-নিকাশে পরিবর্তন এসেছে।
নির্বাচনকে কেন্দ্র করে হাটবাজারগুলোতে গভীর রাত পর্যন্ত চায়ের দোকান খোলা থাকছে। সরু রাস্তায় মোটরসাইকেল নিয়ে প্রার্থীদের কর্মীদের দল বেঁধে আনাগোনা উৎসবের আমেজ তৈরি করেছে। তাই দুই নির্বাচনকে কেন্দ্র করে ভাওয়াল গড় অঞ্চলের নিভৃত উপজেলা সখীপুর এখন সরগরম।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন এই আসনেরই সাবেক সাংসদ শওকত মোমেন শাহজাহান। সাংসদ হিসেবে শপথ নেওয়ার কয়েক দিন পরেই ২০ জানুয়ারি তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান। এ আসনে আগামী ২৯ মার্চ উপনির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় প্রয়াত সাংসদের ছেলে অনুপম শাহজাহান ওরফে জয়কে। এখানে উপজেলা আওয়ামী লীগেরই সদস্য সাঈদ আজাদ ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীসহ পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার। আওয়ামী লীগ সূত্র জানায়, এত দিন উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জোরেশোরে শওকতের পক্ষে কাজ করে গেছেন। ২৩ ফেব্রুয়ারি শওকত শিকদারের ভায়রা সাঈদ আজাদ উপনির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। তবে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শওকত শিকদার প্রথম আলোকে বলেন, ‘সাঈদ আজাদ দাঁড়িয়েছেন জাতীয় সংসদের উপনির্বাচনে। ওই বিষয় নিয়ে উপজেলা নির্বাচনে কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না। আশা করি, সাঈদ আজাদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।’
উপনির্বাচনে বিদ্রোহী প্রার্থী সাঈদ আজাদ উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করবেন না বলে জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘রাজনীতিতে কোনো আত্মীয়স্বজন নেই। উপনির্বাচনের মনোনয়ন কেনা নিয়ে উপজেলা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আমিও শওকত শিকদারের পক্ষেই দলের নেতা হিসেবে কাজ করছি।’
বিএনপিতেও বিভক্তি: উপজেলা নির্বাচনে বিএনপি থেকে দুজন প্রার্থী হয়েছেন। এঁদের মধ্যে দলের সমর্থন পেয়েছেন খোরশেদ আলম মাস্টার। আর গত উপজেলা নির্বাচনে সামান্য ব্যবধানে হেরে যাওয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবিব এবার বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
এ ছাড়া কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ থেকে আবদুল হালিম ওরফে লাল ও স্বতন্ত্র হিসেবে আফাজউদ্দীন উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং প্রচারণা চালাচ্ছেন।