উপবৃত্তি আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পূর্ব বাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলমের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণা করে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।বিদ্যালয়ের সাবেক অভিভাবক দক্ষিণ বাউরিয়ার প্রিয়বালা হাওলাদার ১০ মে গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।মামলার অভিযোগে বলা হয়, প্রিয়বালা হাওলাদারের মেয়ে মিশুক হাওলাদার ওই বিদ্যালয়ে পড়াশোনা করত। কিন্তু দীর্ঘ দিন ধরে মিশুক আর সেখানে পড়ছে না। অথচ প্রধান শিক্ষক মো. শাহ আলম মিশুকের নামে উপবৃত্তির টাকা বরাদ্দ করিয়ে মিশুকের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা তুলে আত্মসাৎ করেন। প্রধান শিক্ষক মো. শাহ আলম একইভাবে ওই বিদ্যালয়ের সাবেক ছাত্রী ফাতেমা, পারভীন বেগম, শারমিন বেগম, সীমা রানী বালাসহ আরও কয়েক জনের স্বাক্ষর জাল করে ১৫ হাজার টাকা আত্মসাৎ করেন।প্রধান শিক্ষক মো. শাহ আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘উপবৃত্তির টাকা সংশ্লিষ্ট শিক্ষার্থী নির্ধারিত ব্যাংক থেকে উত্তোলন করেছে। কারও স্বাক্ষর জাল করে টাকা তোলা হয়নি। এলাকার একটি মহল আমাকে হেয় করার জন্য ওই মামলাটি সাজিয়েছে।’