উপবৃত্তি দিয়েও ঝরে পড়া রোধ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলায় প্রাথমিক স্তরে শিক্ষার্থী ঝরে যাওয়া রোধে উপবৃত্তি খাতে বছরে ছয় কোটি টাকা খরচ করেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাচ্ছে না। এমন এক পরিস্থিতির মধ্যেই প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন আজ রোববার চুয়াডাঙ্গায় আসছেন।আজ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ‘বিদ্যালয় গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ ও গুণগত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণ’বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এ সভা হবে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় চলতি অর্থবছরে (২০১১-১২) ৩৮২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বিতীয় কিস্তিতে এক কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৩৭৫ টাকা উপবৃত্তি হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি অর্থবছরে তিন মাস পরপর চার কিস্তিতে এ টাকা দেওয়া হয়। সে হিসাবে এ অর্থবছরে ৫৩ হাজার ৬০৭ জন শিক্ষার্থী উপবৃত্তি খাতে প্রায় ছয় কোটি টাকা পাবে। প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে ১০০ থেকে ১২৫ টাকা করে পায়। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে আরও জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া শিশুদের একটি বড় অংশ পঞ্চম শ্রেণীতে ওঠার আগেই আশঙ্কাজনক হারে ঝরে পড়ে। চলতি শিক্ষাবর্ষে চালানো এক জরিপে দেখা যায়, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২০০৭ সালে প্রথম শ্রেণীতে ভর্তি হয় ৩২ হাজার ২৫৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ২০১১ সালে পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিয়েছে মাত্র ১৬ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী। পঞ্চম শ্রেণীতে ওঠার আগেই পর্যায়ক্রমে প্রায় অর্ধেক সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়েছে।চুয়াডাঙ্গা ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাশিদা হাসনু আরা বলেন, ‘উপবৃত্তির সুবিধা শিক্ষার্থীদের স্বার্থে হলেও অভিভাবকেরা তা ভোগ করেন। শিক্ষার্থীদের সরাসরি সুবিধা দিতে স্কুলে দুপুরে টিফিনের ব্যবস্থা করলে ভালো হয়। পাশাপাশি সরকারি উদ্যোগে প্রত্যেক শিশুকে সরকারি অর্থে বছরে দুইবার পোশাক সরবরাহ করলে একটা ইতিবাচক প্রভাব পড়বে।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান জানান, সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকেরা অনেক পরীক্ষা-নিরীক্ষা করেই উপবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছেন। তিনি দাবি করেন, অন্য বিদ্যালয়ে ভর্তি ও একই ক্লাসে থেকে যাওয়ায় প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া সব শিক্ষার্থী যথাসময়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে পারে না। এটাকে গণহারে ঝরে যাওয়া বলা ঠিক হবে না। তবে তিনি স্বীকার করেন, চলতি শিক্ষাবর্ষেই ১০ শতাংশ শিশু ঝরে পড়েছে।