উপবৃত্তি পাচ্ছে না ১৩ শিক্ষার্থী
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় প্রাথমিক বিদ্যালয়কে নিম্নমাধ্যমিক পর্যায়ে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ষষ্ঠ শ্রেণীতে নতুন ভর্তি হওয়া ১৩ জন ছাত্রছাত্রী নয় মাস ধরে উপবৃত্তি পাচ্ছে না। বিষয়টির জন্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয় একে অপরকে দায়ী করছে।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, প্রাথমিক বিদ্যালয়গুলোকে পর্যায়ক্রমে নিম্নমাধ্যমিক করার জন্য গত ৮ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি চিঠি আসে। সারা দেশে প্রথম পর্যায়ে ৪৯১টি প্রাথমিক বিদ্যালয় ওই প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে। তার মধ্যে ক্ষেতলাল উপজেলার হাটশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি। চিঠির পরিপ্রেক্ষিতে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ২৭ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। কিন্তু উপবৃত্তি না পাওয়ায় কয়েক মাসের মধ্যে বেশ কয়েকজন বিভিন্ন উচ্চবিদ্যালয়ে গিয়ে ভর্তি হয়। মাত্র ১৩ জন শিক্ষার্থী থেকে যায় এ বিদ্যালয়ে। তারা গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত উপবৃত্তির কোনো টাকা পায়নি।
প্রধান শিক্ষক সেলিনা জেসমিন জানান, এমনিতেই গ্রামের অভিভাবকদের বেশির ভাগ গরিব। তার ওপর নতুন বইপুস্তক দেরিতে পাওয়া, বিশেষ করে উপবৃত্তি না পাওয়ায় ছাত্রছাত্রী ধরে রাখা যাচ্ছে না। পান থেকে চুন খসলেই অভিভাবকেরা তাঁদের সন্তানদের অন্য বিদ্যালয়ে নিয়ে ভর্তি করাতে চান। এখন যে ১৩ জন ছাত্রছাত্রী আছে, উপবৃত্তি না পেলে তাদেরও ধরে রাখা যাবে না।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোকবুল হোসেন বলেন, ‘উপবৃত্তির বিষয়টি দেখাশোনা করে মাধ্যমিক শিক্ষা কার্যালয়। আমরা কাগজপত্র ঠিকঠাক করে ওই কার্যালয়ে পৌঁছে দিয়েছি। ১৩ জন ছাত্রছাত্রী উপবৃত্তি না পাওয়াটা খারাপ লাগছে। আমরা আবারও উপরে লিখব।’
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম জানান, তাঁর কাছে এ বিষয়ে কোনো চিঠিপত্র নেই। এ ছাড়া তাঁদের কাগজপত্র অনেক পরে পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি উপস্থাপন করা হবে।
জয়পুরহাট জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ বলেন, ‘আমি ওই শিক্ষার্থীদের উপবৃত্তি সম্পর্কে পুরোপুরি কিছু জানি না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’