পঞ্চগড় সদর উপজেলার আটটি কলেজের স্নাতক পর্যায়ের তিনটি শিক্ষাবর্ষের ৫৫০ জন ছাত্রীর মাঝে গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে উপবৃত্তি ও টিউশন ফি প্রদান করা হয়েছে। পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান উপবৃত্তি ও টিউশন ফির চেক ছাত্রীদের হাতে তুলে দেন। এ উপলক্ষে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কানাইলাল কুণ্ডু। অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীব ও অগ্রণী ব্যাংকের পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মো. এনায়েত হোসেন বক্তব্য দেন। প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ২০০ টাকা হারে উপবৃত্তি, পাঠ্যপুস্তক ক্রয় বাবদ দেড় হাজার টাকা ও পরীক্ষার ফি বাবদ এক হাজার টাকাসহ এক বছরে মোট চার হাজার ৯০০ টাকার চেক প্রদান করা হয়। টিউশন ফি বাবদ আটটি শিক্ষাপ্রতিষ্ঠানকে তিন লাখ ৯৬ হাজার টাকাসহ মোট ৩০ লাখ ৯১ হাজার টাকা দেওয়া হয়।