উপবৃত্তির জন্য অর্থ আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার জোড়শিমুল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্থের বিনিময়ে শিক্ষার্থীদের উপবৃত্তির চেক প্রদান করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ছয় মাস পর পর এককালীন উপবৃত্তির চেক প্রদান করা হয়। শিক্ষার্থীরা চেক দিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে থাকে। চিকাশি ইউনিয়নের ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর মোট ৩০০ জন শিক্ষার্থী উপবৃত্তির তালিকাভুক্ত হয়েছে।জোড়শিমুল উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এককালীন ছয় মাসের উপবৃত্তির চেক প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চেক প্রদানের বিনিময়ে শ্রেণীভেদে শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ থেকে ৫০০ টাকা করে অগ্রিম আদায় করেন। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। চেক প্রদান শেষ হওয়ার পর ওই দিন বিকেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেয়।গতকাল শনিবার সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সুমন মিয়া অভিযোগ করে বলে, উপবৃত্তির তালিকাভুক্ত অনেক শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে গেছে। তাদের উপবৃত্তির টাকা উত্তোলন করে প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে আত্মসাৎ করে আসছেন। এ ছাড়া তিনি অন্য শিক্ষার্থীদের উপবৃত্তির চেক দেওয়ার সময় প্রতি জনের কাছ থেকে শ্রেণীভেদে ২০০ থেকে ৫০০ টাকা করে অগ্রিম আদায় করেন।প্রধান শিক্ষক মোজাহের আলী বলেন, ‘কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে আসে না। তাদের উপবৃত্তির টাকা উত্তোলন করে অভিভাবকদের কাছে দেওয়া হয়। এবার এই টাকা ছাত্রছাত্রীরা বনভোজন করার জন্য চেয়েছিল। আমি এই টাকা তাদের না দেওয়ায় তারা বিদ্যালয়ে তালা দিয়েছে।’বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কামরুজ্জামান বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীদের ডেকে ভুল বোঝাবুঝির মীমাংসা করার চেষ্টা করছি।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম জানান, ঘটনার সত্যতা পেলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।