উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।স্থানীয় অভিভাবক ও দাতা সদস্যদের পক্ষে এমদাদুল হক এ ব্যাপারে গত ১৯ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের উপপরিচালক এবং ১ ডিসেম্বর সেকায়েপ প্রকল্প পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন।অভিযোগপত্র সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সুবর্ণা রানী শীল ও রিনা রানী, নবম শ্রেণীর ফরিদা পারভীন এবং দশম শ্রেণীর বেবী নাজমীন বিবাহিত হলেও প্রধান শিক্ষক তাদের নামে উপবৃত্তির টাকা তুলে আত্মসাৎ করেছেন। সুবর্ণার বাবা অন্নদা মোহন শীল বলেন, মেয়েকে বিয়ে দিয়েছি, সে শ্বশুরবাড়ি থাকে। উপবৃত্তির টাকা পাবে কীভাবে?অভিযোগপত্র সূত্রে আরও জানা যায়, কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের শাখাতী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী আকলিমা খাতুনকে (রোল নম্বর-৫৮) ভেলাগুড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নিয়মিত ছাত্রী দেখিয়ে তার নামে উপবৃত্তির টাকা তুলে আত্মসাৎ করা হচ্ছে। শাখাতী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব চন্দ্র রায় বলেন, ‘আজিজুল ইসলামের মেয়ে আকলিমা খাতুন আমার বিদ্যালয়ে সপ্তম শ্রেণী থেকে পড়াশোনা করছে। প্রধান শিক্ষক জামাল উদ্দিন এ বিষয়ে কোনো জবাব না দিয়ে মুঠোফোন সংযোগ কেটে দেন। লালমনিরহাট শিক্ষা কর্মকর্তা ভবশংকর বর্মা বলেন, অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রধান শিক্ষকসহ জড়িত ব্যক্তিদের এমপিও বাতিলের সুপারিশ করা হবে। রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, উপবৃত্তির টাকা নিয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেয়েছি।