উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি এন এম উচ্চবিদ্যালয়ে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক গোলাম মওলার অপসারণ ও শাস্তির দাবিতে শিক্ষার্থীরা গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
সকালে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আকরাম আলী বলেন, ‘ছাত্রছাত্রীদের অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখে শুনে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।’
স্মারকলিপি ও শিক্ষার্থীদের অভিযোগ থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দি এন এম উচ্চবিদ্যালয়ে উপবৃত্তির ৩ লাখ ৯২ হাজার ১৯০ টাকা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। এরপর প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকেরা ছাত্রছাত্রীদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে জোর করে সব টাকা নিয়ে নেন। এ নিয়ে ওই দিনই ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকদের কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা দেখা দিলে পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মীমাংসার কথা বলে ছাত্রছাত্রীদের সান্ত্বনা দিয়ে সরিয়ে দেন। শনিবার প্রধান শিক্ষক স্কুলে না আসায় ছাত্রছাত্রী ও অভিভাবকেরা বিদ্যালয় ঘেরাও করে রাখেন। একপর্যায়ে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের অফিসকক্ষে শিক্ষকদের আটকিয়ে তালা লাগিয়ে দিয়ে অবরুদ্ধ করে। খবর পেয়ে উল্লাপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রছাত্রীদের সরিয়ে দিয়ে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা বাদী হয়ে উল্লাপাড়া থানায় মামলা করেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা বলেন, টাকা আত্মসাৎ করা হয়নি। শিক্ষার্থীদের পরীক্ষার ফি ও বেতন বাকি ছিল, সেগুলো নেওয়া হয়েছে। প্রতিবছরই উপবৃত্তির টাকা থেকেই এসব পরিশোধ করা হয়ে থাকে।
এ ব্যাপারে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।