উপবৃত্তির টাকা আত্মসাতের চেষ্টা, শিক্ষককে বদলির সুপারিশ
লালমনিরহাটের আদিতমারীর পূর্ব ভেলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনের বিরুদ্ধে ভুয়া তালিকা প্রণয়ন করে উপবৃত্তির টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বদলির সুপারিশ করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার স্বাক্ষরিত গত সোমবারের চিঠি ও আদিতমারীর সহকারী শিক্ষা কর্মকর্তা জেসমিন আরা বেগম স্বাক্ষরিত গত ২৭ সেপ্টেম্বরের তদন্ত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, আবুল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সুরুজ্জামান উপবৃত্তির টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ করলে গত ৫ সেপ্টেম্বর তার তদন্ত হয়। এ সময় মাস্টাররোলের ক্রমিক নম্বর ২৫৩ থেকে ২৬৭ পর্যন্ত শিক্ষার্থীর নাম আবুল হোসেন হাজিরা খাতায় দেখাতে পারেননি। ক্রমিক নম্বর ২৬৫ ও ২৬৬ যথাক্রমে ইউসুফ আলী ও রুবিনা খাতুন ২০১৫ সালের কোনো পরীক্ষায় অংশ নেয়নি। নম্বর ২৬৭ নিপুণ চন্দ্র ২০১৫ সালের কোনো পরীক্ষায় অংশ নেয়নি। আবুল হোসেন তাদের নামে উপবৃত্তির চাহিদা দিয়েছেন। নম্বর ১২৮ ইউসুফ আলী তৃতীয় শ্রেণি রোল নম্বর ২৮, হাজিরা খাতায় তার নাম কাটা রয়েছে।
ওই বিদ্যালয়ের কয়েকজন সহকারী শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, নম্বর ১০০ তানজিনা আকতার তৃতীয় শ্রেণির ছাত্রী। তানজিনার বাবা লিখিত দিয়েছেন, তিনি উপবৃত্তির টাকা নেবেন না। প্রধান শিক্ষক আবুল হোসেন তানজিনার নামে ১ হাজার ২০০ টাকার চাহিদা দিয়েছেন। নম্বর ১১৮ তৃতীয় শ্রেণি রোল নম্বর ২৮, হাজিরা খাতায় পলাশ চন্দ্র নাম রয়েছে। অথচ কার্ড করেছে সাবিনা খাতুন নামে। আবুল হোসেন ২০১৬ সালের জুন মাসে ৮ জন শিক্ষার্থী ভর্তি করিয়েছেন, অথচ তাদের নামে উপবৃত্তির কার্ড করেছেন জুলাই ২০১৫ থেকে জুন ২০১৬ পর্যন্ত। নম্বর ১৪৭-এ ফিরোজ হোসেনকে দ্বিতীয় শ্রেণির ছাত্র দেখানা হলেও এই নামে দ্বিতীয় শ্রেণিতে কোনো শিক্ষার্থী নেই। নম্বর ১৭১ জসিম উদ্দিন দ্বিতীয় শ্রেণির ছাত্র। প্রধান শিক্ষক তার নামে ১ হাজার ২০০ টাকা উপবৃত্তির চাহিদা দিয়েছেন। নম্বর ২০২ মেহেদী হাসান প্রথম শ্রেণির ছাত্র। মেহেদীর অভিভাবকেরা বলেন, তাঁরা টাকা পাননি। তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আবুল হোসেনকে প্রশাসনিক বদিল করা প্রয়োজন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার বলেন, ওই তদন্ত প্রতিবেদন ও বিদ্যালয় ব্যবস্থাপনার কমিটির সভাপতি সুরুজ্জামানের অভিযোগের পরিপ্রেক্ষিতে আবুল হোসেনকে বদিলর বিষয়ে মতামত চেয়ে সোমবার উপজেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে।
তবে আবুল হোসেন গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি অপরাধী নই। এরপরও আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে তা মেনে নেব।’