উপবৃত্তির টাকা আত্মসাৎ পরে ফেরত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ১০ ছাত্রীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। পরে অধ্যক্ষ ওই টাকা ফেরত দিয়েছেন বলে জানা গেছে।

কলেজ সূত্রে জানা গেছে, উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের লেখাপড়ার জন্য সরকার উপবৃত্তি দিচ্ছে। বিজ্ঞান বিভাগে প্রত্যেক ছাত্রীকে এক হাজার ৭৫০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষার প্রত্যেক ছাত্রীকে এক হাজার ৩৫০ টাকা দেওয়া হয়ে থাকে। বছরে তিন মাস পর পর ওই টাকা দেওয়া হয়। এ কলেজের ৮৫ জন ছাত্রীকে উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে। ছাত্রীরা চেক দিয়ে অগ্রণী ব্যাংকের শালবাহান হাট শাখা থেকে ওই টাকা তুলে নেয়।

শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিযোগ করেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তথ্য গোপন করে বিয়ে হয়ে যাওয়া মানবিক বিভাগের ১০ জন ছাত্রীর উপবৃত্তির ১৩ হাজার ৫০০ টাকা গত ২৩ এপ্রিল ব্যাংক থেকে তুলে তা আত্মসাৎ করেছেন। তিনি ওই ছাত্রীদের সই জাল করে এ কাজ করেছেন। যেসব ছাত্রীর টাকা তোলা হয়েছে, তারা হলো হাপিজা বেগম, শাহানাজ পারভীন, সোনিয়া আকতার, শিরিন আকতার, হুনুফা আকতার, তাহেরা আকতার, ঝর্ণা আকতার, রনজিনা পারভীন, লিমন আকতার ও আক্তার বানু।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারভীন আকতার জানান, তিনি তদন্ত করে ১০ জন ছাত্রীর উপবৃত্তির টাকা অনিয়ম করে ব্যাংক থেকে তুলে তা আত্মসাৎ করার ঘটনার সত্যতা পেয়েছেন। এ জন্য তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে চিঠি দিয়ে টাকা ফেরত দিতে বলেছেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ বীরেন্দ্রনাথ বর্মণ উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে জানান, ভুলে ওই ১০ জন ছাত্রীর টাকা ব্যাংক থেকে তোলা হয়েছিল। গত রোববার ওই টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে।

অগ্রণী ব্যাংক লিমিটেড, শালবাহান হাট শাখার ব্যবস্থাপক মো. নাসিরউদ্দিন জানান, রোববার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষক ব্যাংকে এসে ১৩ হাজার ৫০০ টাকা ফেরত দিয়ে গেছেন।