উপবৃত্তির টাকা কম দেওয়ার অভিযোগে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার টনকী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কম দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রধান শিক্ষকের কক্ষ ঘেরাও করে বিক্ষোভ করেন।
কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়ন পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মাসে অন্তত ২২ দিন উপস্থিত থাকলে শিক্ষার্থীদের মাসিক ১০০ টাকা করে উপবৃত্তি দেওয়া হয়। এর কম উপস্থিত থাকলে নির্দিষ্ট হারে উপবৃত্তির টাকা কম দেওয়ার নিয়ম। টনকী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৪২৫ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৩৩৪ জন উপবৃত্তি পায়। গত রোববার বিদ্যালয়ে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়।
শিক্ষার্থী ও অভিভাবকেরা বলেন, উপবৃত্তির টাকা বিতরণের প্রথম দিকে ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থীকে এক বছরের জন্য ১ হাজার ২০০ টাকা করে দেওয়া হয়। পরে অধিকাংশ শিক্ষার্থীকে ৫০০ থেকে ৬০০ টাকা করে দেওয়া হয়। এর মধ্যে নিয়মিত উপস্থিত থাকা শিক্ষার্থীরাও রয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। এর প্রতিবাদে গতকাল শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ করেন।
দুপুরে গিয়ে দেখা যায়, কয়েক শ শিক্ষার্থী ও অভিভাবক বিদ্যালয় মাঠ ও প্রধান শিক্ষকের কার্যালয়ের জড়ো হয়ে বৃত্তির টাকা দাবি করছেন।