উপবৃত্তির টাকা কম দেওয়ার সত্যতা মেলেনি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভাইদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কম দেওয়ার অভিযোগের সত্যতা মেলেনি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে গঠিত তদন্ত কমিটি এ প্রতিবেদন দেয়।
গত ১২ জুলাই ওই বিদ্যালয়ে উপবৃত্তি বিতরণের সময় টাকা কম দেওয়ার অভিযোগ তুলে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করেন। পরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী সিদ্দিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় ১৩ জুলাই প্রথম আলোতে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।
অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তিনজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে একটি কমিটি গঠন করেন। গত ১৩ জুলাই কমিটির সদস্যরা বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণের কার্ড পরীক্ষা করে দেখেন সরকারি নীতিমালা অনুযায়ী টাকা বিতরণ ঠিকই আছে। সরকারি নীতিমালা পড়ে শোনালে অভিভাবকেরা বিষয়টি বুঝতে পারেন। পরে ২০ জুলাই আবার বিদ্যালয়ে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিক গত বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।
প্রধান শিক্ষক দোলোয়ারা বেগম বলেন, উপবৃত্তি নিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।