উপবৃত্তির টাকা কম দেওয়ায় বিক্ষোভ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভাইদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কম দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার শিক্ষার্থী ও অভিভাবকেরা উপজেলা পরিষদে এসে বিক্ষোভ করেছেন।
শিক্ষার্থী ও অভিভাবকেরা বলেন, গতকাল ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণ শুরু হয়। বিদ্যালয়ে উপবৃত্তি বরাদ্দের জন্য তালিকাভুক্ত শিক্ষার্থীর সংখ্যা ৪৬৭। তাঁদের গত বছরের শেষ ছয় মাস ও চলতি বছরের প্রথম ছয় মাসের মাসিক এক শ টাকা করে উপবৃত্তির টাকা প্রদানের কথা। কিন্তু বিতরণের সময় কয়েকজন অভিভাবক হিসাব কষে টাকার পরিমাণ কম দেখতে পান। বিষয়টি নিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। পরে শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকেরা উপজেলা পরিষদে গিয়ে বিক্ষোভ করেন। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুল আমীন বিক্ষোভস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী সিদ্দিক উপবৃত্তির ঘটনা নিয়ে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম বলেন, উপবৃত্তির টাকা যার যত পাওনা, সেটা হিসাব করেই দেওয়া হয়েছে।