উপবৃত্তির টাকা কেটে গাইড ধরিয়ে দেওয়ার অভিযোগ
ফরিদপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির টাকা কেটে রেখে গাইড বই ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুর সদরের বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মোট ১০ জন শিক্ষার্থী প্রতি মাসে ১০০ টাকা হারে উপবৃত্তি পায়। ১২ মে ওই বিদ্যালয়ে গত তিন মাসের উপবৃত্তির টাকা দেওয়া হয়। শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিযোগ করেছেন, তিন মাসের উপবৃত্তি বাবদ ৩০০ টাকা দেওয়া হয়নি। প্রধান শিক্ষক ফারুখ জীবন আরা রোজী ১০০ টাকা ও আদিল ব্রাদার্সের টেস্ট পেপার সাজেশন নামের একটি গাইড বই শিক্ষার্থীদের ধরিয়ে দিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে ফারুখ জীবন আরা রোজী বলেন, সবাইকে ৩০০ টাকা করে নগদ দেওয়া হয়েছে। তবে ওই বইটি কিনলে উপকার হবে মর্মে পরামর্শ দেওয়া হয়েছে৷
উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক তালুকদার বলেন, ‘উপবৃত্তির টাকা কেটে নেওয়ার সুযোগ নেই। উপবৃত্তির টাকার বদলে বই ধরিয়ে দেওয়া যায় না। আমি বিষয়টি তদন্ত করে দেখব।’