উপবৃত্তির টাকা থেকে চাঁদা নেওয়ায় তিনজনের কারাদণ্ড
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ২ নম্বর খাগকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা তোলার রসিদ (মানি রিসিট) দিয়ে চাঁদা নেওয়ার সময় দুই শিক্ষকসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল কুদ্দুস গত বৃহস্পতিবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন।
বোরহানউদ্দিন থানা-পুলিশ ও ইউএনওর কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ইউএনও পুলিশ নিয়ে উপজেলার খাগকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালান। ওই সময় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপবৃত্তির টাকা বিতরণ করছিলেন। তাঁরা উপবৃত্তির টাকা বিতরণকালে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ‘শিক্ষক-অভিভাবক কল্যাণ সমিতি’র নামে রসিদ দিয়ে ১০০ টাকা করে চাঁদা তুলছিলেন। অবৈধভাবে চাঁদা তোলায় ইউএনও স্কুলের শিক্ষক আক্তার হোসেন ও কবির হোসেন এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলমকে আটক করেন। এ সময় তাঁদের কাছে সব মিলিয়ে ১৫ হাজার ৬৬৫ টাকা পাওয়া যায়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও শিক্ষকদের সাত দিন করে এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যকে এক বছরের কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্ত দুই শিক্ষক জানান, ওই চাঁদা বা টাকার ব্যাপারে তাঁরা কিছুই জানেন না, বিদ্যালয়ে তাঁরাই মাত্র দুজন শিক্ষক। প্রধান শিক্ষকও দুদিন আগে বদলি হয়ে গেছেন।
ব্যবস্থাপনা কমিটির সাজাপ্রাপ্ত সদস্য জাহাঙ্গীর আলম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি কমিটির বর্তমান সভাপতি গোলাম মাওলার নির্দেশ পালন করছিলেন মাত্র। তিনিই টাকা তোলার রসিদ ছাপিয়েছেন।
তবে সভাপতি গোলাম মাওলাকে তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। তিনি গা ঢাকা দিয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইয়্যাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।