উপবৃত্তির টাকা পেতে দিতে হলো কলেজ ফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্নাতক ও সমমানের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা পেতে কলেজ উন্নয়ন ফিসহ অন্যান্য পাওনা পরিশোধ করতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যেক শিক্ষার্থীকে বৃত্তির টাকা নেওয়ার জন্য ৭৫৫ টাকা করে দিতে বাধ্য করেছে কলেজ কর্তৃপক্ষ। বৃত্তির টাকা বিতরণের আগেই তাঁদের ওই টাকা দিতে হয়েছে।
গতকাল সোমবার লালমনিরহাটের আদিতমারী ডিগ্রি কলেজ চত্বরে বিতরণ করা হয় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা। বিষয়টি নিয়ে অভিযোগ ওঠায় ওই সময়ই কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কলেজ উন্নয়ন ফিসহ অন্যান্য খাতে নেওয়া ৭৫৫ টাকার রসিদ দেয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অর্থে লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্নাতক (পাস) পর্যায়ে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪৩৫ জন শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। প্রত্যেক শিক্ষার্থী এক বছরের জন্য উপবৃত্তি বাবদ ২ হাজার ৪০০ টাকা, বই কিনতে ১ হাজার ৫০০ এবং পরীক্ষার ফির জন্য ১ হাজারসহ মোট ৪ হাজার ৯০০ টাকা করে পাবেন। এর মধ্যে আদিতমারী ডিগ্রি কলেজ থেকে ২৫৪ জনের জন্য ১৪ লাখ ২৭ হাজার ৪৮০ টাকা বরাদ্দ দেওয়া হয়।
উপবৃত্তি পাওয়া কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, উপবৃত্তির টাকা উত্তোলনের আগেই আদিতমারী ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জানিয়ে দেন গত ২৮ এপ্রিলের আগেই উপবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ৭৫৫ টাকা করে জমা দিতে হবে। অন্যথায় কেউ উপবৃত্তির টাকা উত্তোলন করতে পারবে না। তাই ২৫৪ জন শিক্ষার্থী ২৮ এপ্রিলের মধ্যেই টাকা জমা দেন। কিন্তু তাঁদের কোনো রসিদ দেওয়া হয়নি।
রসিদ ছাড়াই শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার খবর জানতে পেরে গতকাল সাংবাদিকেরা আদিতমারী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে গেলে কলেজ কর্তৃপক্ষ রসিদ দেওয়া শুরু করে। রসিদে কলেজ উন্নয়ন ফি বাবদ ২৫৫ এবং সেশন ও সেমিনার ফি বাবদ ৫০০ টাকা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এভাবে ২৫৪ জন শিক্ষার্থীর কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ ১ লাখ ৯১ হাজার ৭৭০ টাকা আদায় করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্নাতক (পাস) প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা জানান, ২৮ এপ্রিল ৭৫৫ টাকা করে নিলেও কলেজ কর্তৃপক্ষ চাপে পড়ে রসিদ দিয়েছে উপবৃত্তি বিতরণের সময়।
উপবৃত্তির টাকা বিতরণের দায়িত্বরত আদিতমারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কেরামত আলী জানান, যা কিছু করা হয়েছে কলেজ অধ্যক্ষের নির্দেশেই করা হয়েছে। টাকা আগে নিলেও এখন রসিদ দেওয়া হচ্ছে।
আদিতমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজার রহমান উপবৃত্তির টাকা নিতে কলেজ উন্নয়ন ফিসহ অন্যান্য খাতে শিক্ষার্থীদের টাকা দিতে বাধ্য করার অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে যা নেওয়া হয়েছে তা বৈধ।
এ ব্যাপারে জানতে চাইলে আদিতমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কলেজের বৈধ পাওনা থাকলে তা যেকোনো সময় রসিদের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ আদায় বা গ্রহণ করতে পারে। আর শিক্ষার্থীদের উপবৃত্তি যেহেতু ব্যাংকের মাধ্যমে চেকের বিপরীতে শিক্ষার্থীরা পেয়ে থাকেন, তাই এই টাকা অন্য কারও পক্ষে কেটে নেওয়া বা আদায় করা সম্ভব না। তবে উপবৃত্তির টাকার চেক হস্তান্তরের সময় কোনো টাকা কারও কাছ থেকে কেটে নেওয়া বা আদায় করা সঠিক নয়। পাওনা থাকলে তা আগে বা পরে রসিদ দিয়ে আদায় করতে হবে। রসিদ না দিয়ে টাকা আদায় করা হয়ে থাকলে তা অনিয়মের পর্যায়ে পড়বে।’ বিষয়টি নিয়ে তিনি কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলেছেন বলে জানান।