উপবৃত্তির টাকা বিতরণে অনিয়ম
নাটোরের সিংড়া উপজেলার তাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা উপবৃত্তির টাকা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান, উপবৃত্তির টাকা বিতরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে বিদ্যালয় ব্যবস্থাপনার খরচ মেটানোর কথা বলে ২০ থেকে ১৫০ টাকা করে দাবি করা হয়। নগদে এই টাকা পরিশোধ করা না হলে উপবৃত্তির টাকা থেকে কেটে নেওয়া হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির নির্দেশেই টাকা কেটে নেওয়া হচ্ছে বলে অভিভাবকেরা অভিযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, বিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীর জন্য প্রধান শিক্ষক ছাড়া শিক্ষক রয়েছেন মাত্র একজন। ফলে প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিজেরা ইচ্ছামতো সিদ্ধান্ত নেন। তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করার কেউ নেই। অভিভাবকেরা কিছু বলতে গেলে সন্তানদের ওপর বিপদ নেমে আসে।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, এখানে উপবৃত্তির টাকা আত্মসাৎ করা হয়নি। শিক্ষকস্বল্পতার কারণে শিক্ষার্থীদের জন্য কখনো কখনো খণ্ডকালীন শিক্ষক নেওয়া হয়। তাঁর বেতনের জন্য কিছু টাকা খরচ করা হয়েছে।