উপবৃত্তির টাকা বিতরণে অনিয়ম ও দুর্নীতির তদন্ত করলেন উপসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নেছার আহমদ গতকাল রোববার বেলা ১১টার দিকে সরেজমিনে এসে ওই তদন্ত করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই প্রথম আলোর বিশাল বাংলায় ‘উপবৃত্তির টাকা বিতরণে অনিয়মের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের সত্যতা যাচাই করতে উপসচিব নেছার আহমদ গতকাল তদন্তে আসেন। বেলা ১১টার দিকে তিনি শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ কেন্দ্র বদরগঞ্জের আমরুলবাড়ি-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। এর আগে সেখানে উপবৃত্তি বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠা উপজেলার জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাতাসন, চৌপতী, তালপুকুরের ডাঙ্গা, আফতাবগঞ্জ, মোস্তফাপুর, সাজ্জাদিয়া ও আমরুলবাড়ি আসমতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। অভিযোগকারীদেরও সেখানে ডাকা হয়। উপসচিব এ সময় অভিযোগকারী অভিভাবক ও প্রধান শিক্ষকদের বক্তব্য শোনেন। এ সময় দুজন অভিভাবক উপবৃত্তির টাকা না পাওয়ার কথা উপসচিবকে জানান।
উপসচিব নেছার আহমদ বলেন, ‘তদন্ত চলছে। কিছু বলা যাবে না।’