উপবৃত্তির টাকা বিতরণে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, অর্থ বিতরণকালে নির্ধারিত ফরমে স্বাক্ষর নেওয়ার সময় শিক্ষার্থীপ্রতি ২০ টাকা করে চাঁদা নিচ্ছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন শিক্ষক। এ নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ এবং শিক্ষকদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। সদর উপজেলার ২২৪টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশির ভাগ বিদ্যালয়েই এমন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা জানান, প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়াশোনার মানোন্নয়ন ও শিক্ষার্থী উপস্থিতি বাড়াতে সরকারের ‘উপবৃত্তি প্রদান প্রকল্প’-এর আওতায় বরগুনা সদর উপজেলার ২২৪টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ হাজার ১৫৭ জন শিক্ষার্থীর মধ্যে ২৭ হাজার ৯৪৯ জন শিক্ষার্থীকে ৩০০ টাকা করে উপবৃত্তি দেওয়া হচ্ছে। অন্যান্য জেলায় উপবৃত্তিপ্র্রাপ্ত শিক্ষার্থীর হার ৫০ শতাংশ হলেও সিডরে ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে বরগুনা সদর উপজেলায় ৯০ শতাংশ শিক্ষার্থীকে এ সুবিধা দেওয়া হচ্ছে। এখানে প্রতি তিন মাসে শিক্ষার্থীপ্রতি ৩০০ টাকা এবং একই পরিবারের দুজন শিক্ষার্থী থাকলে ৩৭৫ টাকা হারে মোট ৭৬ লাখ ৮৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। গত বৃহস্পতিবার থেকে বরগুনায় এই অর্থ বিতরণ শুরু হয়। খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় অগ্রণী ব্যাংক থেকে এই অর্থ বিতরণের নিয়ম থাকলেও বৃত্তিপ্রাপ্তদের সুবিধার জন্য এবং ব্যাংকের লোকবলের অভাবের কারণে সংশ্লিষ্ট ব্যাংকের একজন কর্মকর্তা বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের সামনে এ অর্থ বিতরণ করেন। এর আগে শিক্ষকেরা নির্ধারিত ফরমে অভিভাবকদের স্বাক্ষর নিয়ে রাখেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার দক্ষিণ বাঁশবুনিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানা গেছে, সেখানে উপস্থিত কালিরতবক, মধ্য হেউলিবুনিয়া ও পাজরাভাঙা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা তুলছেন। তাঁরা জানান, আগের দিন ২০ টাকা করে আগাম দিয়ে বিতরণশিটে স্বাক্ষর দিয়ে গেছেন। দক্ষিণ বাঁশবুনিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘টাকা নেওয়াটা অবৈধ। আমাদের ভুল হয়ে গেছে।’ একই দিন দুপুর ১২টার দিকে সদর উপজেলার বৈঠাকাটা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানা যায়, সেখানেও নির্ধারিত ফরমে অভিভাবকদের স্বাক্ষর নেওয়ার সময় ২০ টাকা করে আদায় করা হয়েছে। সেখানে উপস্থিত বেশ কয়েকজন অভিভাবক ২০ টাকা করে চাঁদা দেওয়ার কথা স্বীকার করেন। তবে শিক্ষকদের ভয়ে তাঁরা নাম প্রকাশ করতে চাননি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, বরগুনা সদরের প্রায় সব বিদ্যালয়েই এভাবে শিক্ষার্থীদের কাছ থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করা হয়েছে। জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবদুল আলীম বলেন, ‘এটা করা হলে তা সম্পূর্ণ অবৈধ। আমাদের এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সিকদার বলেন, ‘আমি এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ পাইনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’