উপবৃত্তির টাকা লুট, শিক্ষক অপহরণ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসিঘাটের অদূরে কাঁচিরচরে গতকাল মঙ্গলবার একটি নৌকায় ডাকাতি হয়েছে। ডাকাতেরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির এক লাখ ৯৩ হাজার টাকা লুট করেছে এবং নৌকা থেকে সদর উপজেলার মোল্লারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমানকে অপহরণ করে নিয়ে গেছে। ডাকাতদের হামলায় তিনজন আহত হয়েছেন। গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রূপালী ব্যাংক লিমিটেড গাইবান্ধা শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম, কর্মকর্তা কমরেড খান ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকসহ ১৪ জন গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বালাসীঘাট থেকে নৌকায় করে চিথুলিয়া দিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। সেখানে গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের ১০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির এক লাখ ৯৩ হাজার ২৫০ টাকা বিতরণের কথা ছিল। নৌকাটি দুপুর সাড়ে ১২টার দিকে ব্রহ্মপুত্র নদের ফুলছড়ি উপজেলার কাঁচিরচর এলাকায় পৌঁছলে অন্য একটি নৌকা নিয়ে ১০-১২ জন মুখোশ পরা ডাকাত যাত্রীবাহী নৌকাটি ঘিরে ফেলে। ডাকাতেরা অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে টাকার ব্যাগ লুট করে এবং অন্যান্য যাত্রীদের কাছ থেকে মুঠোফোন, টাকাসহ মালামাল ছিনিয়ে নেয়। এ সময় বাধা দেওয়ায় ডাকাতেরা ব্যাংক কর্মকর্তা ও শিক্ষকদের মারপিট করে। এতে ওই দুজন ব্যংক কর্মকর্তাসহ তিনজন আহত হন। আহতদের মধ্যে সদর উপজেলার চিথুলিয়া দিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল আলিমকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতেরা নৌকা থেকে সহকারী শিক্ষক হাফিজুর রহমানকে অপহরণ করে নিয়ে যায়। রূপালী ব্যাংক গাইবান্ধা শাখার ব্যবস্থাপক উপবৃত্তির টাকা লুটের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ফুলছড়ি থানায় অভিযোগ দেওয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলরুবা বেগমও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক এবং অপহরণের শিকার শিক্ষকের পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি অভিযোগ করা হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।