উপবৃত্তির টাকায় ভাগ, বিক্ষোভ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকায় ভাগ বসানোয় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। গতকাল রোববার নাগদাহ ইউনিয়নের জোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ সিদ্দিক এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শরীফ উদ্দীন আহমেদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ করেন অভিভাবকেরা।অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নানা অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করে আসছেন। অভিভাবক আবদুল খালেক জানান, চলতি বছর যেসব শিক্ষার্থীকে উপবৃত্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের কাছ থেকে কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করার কথা বলে কার্ডপ্রতি ৩০০ টাকা আদায় করা হয়েছে। এ ছাড়া শ্রেণীকক্ষে বৈদ্যুতিক পাখা লাগানোর কথা বলে এক সপ্তাহ আগে ৪৪৫ জন শিক্ষার্থীর সবার কাছ থেকে ২০ টাকা করে আদায় করা হয়েছে। গতকাল ছিল উপবৃত্তিপ্রাপ্তদের অর্থ হস্তান্তরের দিন। কিন্তু এর আগের দিন অর্থাৎ গত শনিবার উপবৃত্তিপ্রাপ্ত ১৯৮ শিক্ষার্থীর কাছ থেকে জোর করে শতকরা ২০ টাকা হারে আদায় করেন প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের সভাপতি। যে শিক্ষার্থীর ২০০ টাকা বৃত্তি পাওয়ার কথা, তার কাছ থেকে ৪০ টাকা এবং যার ৩০০ টাকা পাওয়ার কথা, তার কাছ থেকে ৬০ টাকা আদায় করা হয়।প্রধান শিক্ষক আবু সাঈদের সামনেই আইয়ুব হোসেন নামের এক অভিভাবক অভিযোগ করেন, শিক্ষার্থীদের কাছে উপবৃত্তির কার্ড থাকার কথা থাকলেও প্রধান শিক্ষক তাদের কাছ থেকে টাকা আদায়ের জন্য তা আটকে রাখেন। তিনি বলেন, গতকাল তিনি ২০ টাকার পরিবর্তে ১০ টাকা দিয়ে উপবৃত্তির কার্ড চাইলে প্রধান শিক্ষক তাঁকে লাঞ্ছিত করেন। আইয়ুব হোসেনের এসব অভিযোগের মুখে প্রধান শিক্ষককে মাথা নিচু করে চুপ থাকতে দেখা যায়।শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে প্রধান শিক্ষক আবু সাঈদ সিদ্দিক এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শরীফ উদ্দীন আহমেদ বলেন, পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ওই টাকা তোলা হয়। তবে পরিচালনা পরিষদের নির্বাহী সদস্য বিলকিস খাতুন জানান, সভায় এ ধরনের কোনো সিদ্ধান্তই হয়নি।ইউপি চেয়ারম্যান আবদুল মালেক মুঠোফোনে প্রথম আলোকে জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা তাঁর কার্যালয়ের সামনে বিক্ষোভ করার সময় তিনি সেখানে ছিলেন না। তবে তিনি মুঠোফোনে বিক্ষোভকারীদের এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।