উপবৃত্তির ফরম পূরণে টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর আবদুল জব্বার ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে স্নাতক শ্রেণীর ছাত্রীদের কাছ থেকে উপবৃত্তির ফরম পূরণে ৫০ থেকে ১০০ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন জানান, তথ্য ফরম বাবদ কোনো ফি নেওয়ার বিধান নেই। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।কলেজসূত্রে জানা গেছে, সরকার চলতি শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীর ছাত্রীদের জন্য উপবৃত্তি চালু করেছে। উপবৃত্তি পাওয়ার যোগ্য ছাত্রীদের তালিকা ৫ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর কথা। বিনা মূল্যে উপবৃত্তির তথ্য ফরম বিতরণের কথা থাকলেও ফরমপ্রতি ৫০ থেকে ১০০ টাকা নেওয়া হচ্ছে। কলেজের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার ২৭০ জন ছাত্রীর বেশির ভাগের কাছ থেকে উপবৃত্তি দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে কলেজের স্নাতক প্রথম বর্ষের এক ছাত্রী বলেন, ‘বিনা মূল্যে উপবৃত্তির তথ্য ফরম দেওয়ার কথা। কিন্তু অধ্যক্ষ স্যার প্রথমে ১০০ টাকা দাবি করেন। অনুরোধ করে ৫০ টাকা দিয়ে ফরম পূরণ করেছি।’ স্নাতক দ্বিতীয় বর্ষের এক ছাত্রী বলেন, ‘উপবৃত্তির ফরম পূরণের জন্য আমার কাছে ১০০ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে অধ্যক্ষ স্যার বলেন, তোমার উপবৃত্তি হবে না। পরে বাধ্য হয়ে ১০০ টাকা দিয়েই ফরম পূরণ করেছি।’কলেজের প্রভাষক সামিউল ইসলাম ও এহতেশামুল হক বলেন, সব ছাত্রীর কাছ থেকে উপবৃত্তির ফরম পূরণে ৫০ থেকে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। টাকা না নেওয়ার জন্য অধ্যক্ষকে অনুরোধ করেও কোনো কাজ হচ্ছে না।তবে অধ্যক্ষ সাইদুর রহমান বলেন, ‘টাকা নেওয়ার অভিযোগ ঠিক নয়। উল্টো একজন ছাত্রীর তথ্য ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র তিন সেট ফটোকপি করতে ১০ টাকা খরচ পড়ছে।’